প্রসন্ন-ঝড়ের পরও মাহমুদউল্লাহর হাসি

কোনো চার না মেরেই ফিফটি! তা-ও আবার টি-টোয়েন্টি ম্যাচে! এটা জেনেই কারও মনে হতে পারে এ আবার কেমন ব্যাটসম্যান! কিন্তু সেকুগে প্রসন্নর মতো ছক্কার বন্যা বইয়ে দিতে পারলে চারের কী দরকার? অবশ্য প্রসন্নর ১৮ বলে ৭ ছক্কার ফিফটিতেও লাভ হয়নি ঢাকা ডায়নামাইটসের। ৯ রানে তাদের হারতে হয়েছে খুলনা টাইটানসের কাছে।
শেষ বিকেলে হঠাৎই ব্যাটে ঝড় তুললেন শ্রীলঙ্কান অলরাউন্ডার প্রসন্ন। এর আগে ঢাকা এমনই ম্যাড়মেড়ে ব্যাটিং করেছে যে পশ্চিম গ্যালারির দর্শকেরা মাঠের পাশের ঘটনাতেই বিনোদন খুঁজতে চাইলেন। দিনের মাঝপথে হেলিকপ্টারে চড়ে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে নামেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। প্রসন্ন-ঝড়ের আগে ঢাকার ইনিংসে বিনোদন বলতে বিসিবি সভাপতির ঝটিকা ভ্রমণ ও মোসাদ্দেক হোসেনের দুই ছয়।
১৫৭ তাড়া করতে নেমে ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল ঢাকা। নেমে দ্বিতীয় বলেই প্রসন্নর ছক্কা। নয় নম্বরে নেমে তাঁর এ ছক্কায়ও তখন কিছু বোঝা যায়নি। ৩৬ বলে ৬৯ রানের কঠিন লক্ষ্য যে সামনে। কিন্তু কেভন কুপারের এক ওভারে টানা তিন ছক্কায় ম্যাচ ঘুরিয়ে দিলেন আচমকা। বিপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ফিফটিতে প্রসন্ন জমিয়ে দিলেন ম্যাচ। ২ ওভারে ১৫ রানের সহজ সমীকরণে নিয়ে এলেন ম্যাচকে। কিন্তু ১৯তম ওভারে মাত্র ৫ রান জুনায়েদ খানের। আন্দ্রে ফ্লেচারের সাহায্য পেলে প্রসন্নর উইকেটটাও পেতে পারতেন। কিন্তু ক্যাচটা নিতে পারলেন না ফ্লেচার। শেষ ওভারে ১০ রানের লক্ষ্যে দাঁড়িয়ে প্রথম বলেই সব রোমাঞ্চ মুছে আউট প্রসন্ন (২২ বলে ৫৩)। পেতে পেতেও জয় হাতছাড়া ঢাকার!
তবে ম্যাচটা হারের দায় ঢাকার ওপরের দিকের ব্যাটসম্যানদের। অধিনায়ক সাকিব আল হাসানও স্বীকার করে নিলেন নিজেদের ব্যাটিং ব্যর্থতা, ‘আমাদের ব্যাটিংয়ে এখনো সমস্যা আছে। মোসাদ্দেক ও মারুফ ছাড়া ওপরের দিকে কেউ রান করতে পারছি না।’ কাল মেহেদী মারুফও পারেননি। মোসাদ্দেকের ৩৫ বাদে প্রথম সাত ব্যাটসম্যানের বাকিদের রান ৬, ২, ১১, ৭, ৮, ৪!
এর আগে খুলনার ইনিংসটা ছিল মাহমুদউল্লাহময়। আগের ৪ ম্যাচে ৫১ রান করা খুলনা অধিনায়ক কাল খেললেন ৪৪ বলে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস। পঞ্চম ওভারে নেমে ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে মেরেছেন ৪টি চার ও ৪টি ছক্কা। তবে ৩৫ ও ৩৬ রানে দুবার জীবন পেয়েছেন মাহমুদউল্লাহ। দুবারই দুর্ভাগা বোলারের নাম মোহাম্মদ শহীদ।
এক প্রান্তে মাহমুদউল্লাহ থাকলেও অন্য প্রান্তে বিগ হিটারের অভাব বোধ করেছে খুলনা। এ কারণেই ভালো শুরুর পরও ১৫৭ রানেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। বোলাররা যদিও একেই যথেষ্ট প্রমাণ করেছেন। এ নিয়ে চারবার আগে ব্যাটিং করে জিতল খুলনা, তিনবারই শেষ ওভারে হারের মুখ থেকে। তবে ম্যাচ জিততে এভাবে আর স্নায়ুক্ষয়ী উত্তেজনার মধ্যে পড়তে চান না মোশাররফ, ‘এ রকমভাবে আর জিততে চাই না। পরের ম্যাচগুলো ভালো ব্যবধানেই জিততে চাই।’
সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইটানস: ২০ ওভারে ১৫৭/৫ (ফ্লেচার ২০, হাসানুজ্জামান ০, শুভাগত ২৪, মাহমুদউল্লাহ ৬২, পুরান ১৬, তাইবুর ২১*, কুপার ১*; সাকিব ০/১৭, সানজামুল ১/২২, কোলস ০/৩২, প্রসন্ন ০/১১, ব্রাভো ২/২৭, শহীদ ১/৩৮, নাসির ০/৮)।
ঢাকা ডায়নামাইটস: ১৯.১ ওভারে ১৪৮ (মারুফ ৬, সাঙ্গাকারা ২, কোলস ১১, নাসির ৭, মোসাদ্দেক ৩৫, সাকিব ৮, ব্রাভো ৪, সানজামুল ১২, প্রসন্ন ৫৩, সোহরাওয়ার্দী ২, শহীদ ১*; জুনায়েদ ১/১৮, কুপার ৩/৩৫, শফিউল ১/২১, আরিফুল ০/২০, শুভাগত ০/১৫, মোশাররফ ৩/৩১, তাইবুর ১/৫)।
ফল: খুলনা টাইটানস ৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোশাররফ হোসেন।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ১৫২/৫ (নাজমুল ৪১, খালিদ ৬, শেহজাদ ১১, ইমরুল ৩৪, মাশরাফি ১০, টেন ডেসকাট ২১*, তানভীর ১৫*; মিরাজ ১/২৯, সামি ০/২৬, ফরহাদ ১/২৬, হাসান ০/৩২, স্যামি ২/৩৪)।
রাজশাহী কিংস: ১৯ ওভারে ১২০ (মুমিনুল ৫৩, জুনায়েদ ১০, সাব্বির ০, আকমল ৩, নুরুল ৮, প্যাটেল ১২, স্যামি ০, মিরাজ ৫, ফরহাদ ১, হাসান ৬, সামি ৭*; নাজমুল ০/১৩, মাশরাফি ১/১৫, তানভীর ৪/১৮, সাইফউদ্দিন ৩/২৭, শরীফ ০/২৪ , টেন ডেসকাট ১/১৯)।
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৩২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তানভীর সোহেল।