প্রস্তাবিত কমিটিতে থাকবেন ফারুক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান নির্বাচক কমিটির কাঠামো বদলে ফেলতে যাচ্ছে বিসিবি। বিসিবির ওয়ার্কিং কমিটির প্রস্তাবিত নতুন কাঠামোয় সদস্য থাকবেন সাতজন। দল নির্বাচন-প্রক্রিয়ায় যুক্ত হবেন দুজন বোর্ড পরিচালক। কিন্তু প্রস্তাবিত নতুন কাঠামো পরিচালনা পর্ষদের অনুমোদন পেলে নির্বাচক কমিটিতে কি থাকবেন বর্তমান প্রধান নির্বাচক ফারুক আহমেদ?
ফারুক প্রথম দফায় প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালদের বাংলাদেশ দলে আসা তাঁরই সময়েই। প্রধান নির্বাচক হিসেবে তাঁর চলমান দ্বিতীয় পর্বে দায়িত্ব নেন ২০১৩ সালের ডিসেম্বর। এই মেয়াদে বাংলাদেশ দলে এসেছে সাব্বির রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমানদের মতো একঝাঁক অমিত সম্ভাবনাময় খেলোয়াড়। যাঁদের হাত ধরে গত দেড় বছরে বাংলাদেশ পেয়েছে বহু স্মরণীয় সাফল্য। ফারুকের নেতৃত্বে বর্তমান নির্বাচক কমিটির বড় সাফল্য, ২০১৫ বিশ্বকাপের দল নির্বাচন। তারুণ্যনির্ভর এক দলই দিয়েছিলেন নির্বাচকেরা। আস্থার প্রতিদান দিয়ে মাশরাফি বিন মুর্তজার দল লিখেছে নতুন ইতিহাস।
দল নিয়ে টুকটাক সমালোচনা হলেও ফারুকের অধীনে বর্তমান নির্বাচক কমিটির সাফল্যই বেশি। সাফল্যই যদি আসে, তাহলে কেন বর্তমান নির্বাচক কমিটির কাঠামোই বদলের ফেলার এই উদ্যোগ? দল নির্বাচনে বিশ্বের সব বোর্ডেরই রয়েছে স্বাধীন কমিটি। কিন্তু বিসিবির প্রস্তাবিত কমিটিতে বোর্ডের দুজন পরিচালক যুক্ত হলে নির্বাচনপ্রক্রিয়া কতটা স্বচ্ছ থাকবে, সেটি নিয়ে সংশয় জাগেই। তা ছাড়া নির্বাচক কমিটিতে বোর্ড পরিচালকদের যুক্ত হওয়াটাও হবে বিরল এক দৃষ্টান্ত।
প্রস্তাবিত নির্বাচক কমিটিতে প্রধান নির্বাচক পদটি আর থাকবে না। তাতে পদাবনতিই হবে ফারুকের। তা ছাড়া অতীতে তাঁর কাজের ধরনের সঙ্গে প্রস্তাবিত কমিটির কার্যক্রমের খুব একটা মিল থাকবে না বলে পদত্যাগের পথই বেছে নিতে পারেন ফারুক। যদিও কাল সন্ধ্যায় মুঠোফোনে এ নিয়ে পরিষ্কার কিছু বলতে চাইলেন না প্রধান নির্বাচক, ‘এ মুহূর্তে বলতে পারছি না। ওয়ার্কিং কমিটির চেয়ারম্যানের সঙ্গে কথা বলব। তাদের পরিকল্পনাটা বোঝার চেষ্টা করব। সবকিছু জানা-বোঝা থাকলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তা ছাড়া প্রস্তাবিত কাঠামো এখনো অনুমোদন হয়নি। কাল কিংবা পরশুর পর হয়তো সিদ্ধান্ত জানাতে পারব।’
কাল সন্ধ্যায় অবশ্য বিসিবির ওয়ার্কিং কমিটির সঙ্গে বসার কথা বিসিবির তিন সদস্যের নির্বাচক কমিটির।