প্রস্তুত ছিলেন নাসিরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির হোসেন
নাসির হোসেন

নিষ্প্রাণ হোটেল লবিতে হঠাৎ প্রাণের সঞ্চার। সকাল থেকে সাংবাদিকেরা অপেক্ষায় ছিলেন। আগের রাতে দেশের ক্রিকেটের সেরা অর্জনটা এসে যাওয়ার পর ক্রিকেটাররা কী ভাবছেন, কী করছেন—সেসব তো জানা চাই! কিন্তু তাঁদের কাউকে পাওয়া গেলে তো?
কাল ছুটি ছিল বলে সাকিব আল হাসান আর তামিম ইকবাল পরশু রাতে মাঠ থেকেই বাসায় চলে গেছেন। দলের সঙ্গে হোটেলে এলেও সেহ্রির আগে চলে যান মুশফিকুর রহিমও। মাশরাফি বিন মুর্তজা আগের রাতের ক্লান্তিতে বিকেল পর্যন্ত ঘুমিয়েছেন। হোটেলে অন্য যাঁরা ছিলেন, তাঁদেরও ঘুমই ছিল প্রিয় সঙ্গী। পরাজয়ের গ্লানিতে নিমজ্জিত ভারতীয় ক্রিকেটাররা হোটেল রুমেই বন্দী করে রাখলেন নিজেদের। দু-একজন সকালে নাশতা খেতে নিচে নামলেও বেশির ভাগ ক্রিকেটারই নাকি রেস্টুরেন্ট থেকে নাশতার ট্রেটা ডেকে পাঠিয়েছেন রুমে। এমন চুপচাপ একটা দিনে লবিতে হঠাৎ নাসির হোসেনের আগমন তো চাঞ্চল্য সৃষ্টি করবেই।
নাসিরকে নিয়ে কিছু কৌতূহলও ছিল। পরশু ভারতকে হারানো দ্বিতীয় ওয়ানডের পর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রশংসা-বৃষ্টিতে ভিজেছেন। নাসিরের অফ স্পিনকে মাশরাফি বলেছেন ওয়ানডেতে বাংলাদেশের ‘অন্যতম সেরা’। ভারতীয় ব্যাটসম্যানরা সাম্প্রতিক সিরিজগুলোতে অফ স্পিনে দুর্বলতার পরিচয় দিয়েছেন। সে জন্য নাকি এই সিরিজে নাসিরকে দিয়ে বল করানোর পরিকল্পনা তাঁর আগে থেকেই ছিল এবং সেটা পুরো ১০ ওভারই।
নাসির অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন। দ্বিতীয় ওয়ানডের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে স্বাভাবিকভাবেই মুস্তাফিজুর রহমানের ৬ উইকেট, তবে গুরুত্বপূর্ণ সময়ে নাসিরের দেওয়া দুদুটি ব্রেক থ্রু না হলে ম্যাচের ফলাফল ভারতের দিকেও ঘুরে যেতে পারত। তা ছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে বিরাট কোহলি আর শিখর ধাওয়ানের উইকেট যেকোনো বোলারের জন্যই স্বপ্ন।
কাল হোটেল লবিতে নাসিরকে পেয়ে এসব নিয়ে জানতেই ছেঁকে ধরলেন সাংবাদিকেরা। কিন্তু নাসির কিছু বলতে রাজি হচ্ছিলেন না। কারণও আছে, পরশুর ম্যাচের পর টিম ম্যানেজমেন্টের কড়া নিষেধ—সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলা যাবে না। সাংবাদিকদের পীড়াপীড়িতে নাসির তাও দু-একটা কথা বললেন। যার সারমর্ম আসলে মাশরাফির কথাই। অফ স্পিনটাকে তিনি নিজেও বড় একটা শক্তির জায়গা মনে করেন। ‘বোলিং ভালো হলে আত্মবিশ্বাসটা বাড়ে। তখন ব্যাটিংয়ের জন্যও সুবিধা হয়’—হোটেল থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগে বলছিলেন নাসির।
মাশরাফির বিশ্বাস, যেকোনো দলের বিপক্ষেই পুরো ১০ ওভার বল করার সামর্থ্য আছে নাসিরের। সে জন্য আগে থেকেই তাঁকে আভাস দিয়ে রেখেছিলেন প্রয়োজনে বল হাতে নিতে হতে পারে। প্রস্তুত ছিলেন নাসিরও, ‘মাশরাফি ভাই আমাকে আগেই বলে রেখেছিলেন, সব সময় রেডি থাকিস বোলিংয়ের জন্য। আমিও মানসিকভাবে তৈরি ছিলাম।’ ইনিংসের দ্বিতীয় বলেই মুস্তাফিজের বলে ওপেনার রোহিত শর্মা ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে জমে যাচ্ছিল শিখর ধাওয়ান-বিরাট কোহলির জুটি। নিজের দ্বিতীয় ওভারে কোহলিকে এলবিডব্লু করে নাসিরই ভাঙন ধরান তাঁদের ৭৪ রানের অংশীদারিতে। ধাওয়ানকে কট বিহাইন্ড করে ভারতের পরের উইকেটটাও নাসিরের। মাঝে অবশ্য তাঁর বলে মহেন্দ্র সিং ধোনিকে একবার জীবন দিয়েছেন উইকেটকিপার লিটন দাস। নইলে এদিন ওয়ানডেতে নিজের সেরা বোলিংটাও নতুন করে লিখতে পারতেন নাসির!