প্রস্তুত বোলার নাসিরও

মূলত ব্যাটিং দিয়েই দলে ফিরেছেন। তবে দল তাঁর কাছে বোলিংটাও চায়। সেই চাওয়া পূরণ করতে প্রস্তুত নাসির হোসেনও। সুযোগ পেলে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নিজের সেরাটা দিতে চান এই অলরাউন্ডার।
আগের দিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনই স্পষ্ট বলে দিয়েছিলেন, নাসিরকে দলে নেওয়া হয়েছে ব্যাটিংয়ের সঙ্গে তাঁর বোলিং সামর্থ্য মাথায় রেখে। অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান আছেন। আর নাসির যেহেতু ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনও করেন, সেটা বড় ভূমিকা রাখতে পারে এই সিরিজে। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে যে ভাবনা থেকে শুভাগতকে নেওয়া হয়েছিল, এবার সেই জায়গায় নাসিরকে নিয়েছেন নির্বাচকেরা। নির্বাচকদের সেই চাওয়া পূরণে তৈরি নাসিরও, ‘বোলিংটা আমি উপভোগ করি। চেষ্টা করি ভালো বোলিং করার জন্য। যদি সুযোগ হয়, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব বোলিং দিয়ে কিছু করার।’
ক্যারিয়ারের শুরুতে লোয়ার অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করে খ্যাতি পেয়ে গিয়েছিলেন ‘দ্য ফিনিশার’। কিন্তু সেই নাসির এখন দলে আসা-যাওয়ার মধ্যে। টেস্ট দলে তো ফিরেছেন প্রায় দুই বছর পর। কেমন লাগছে এত দিন পর দলে জায়গা পেয়ে? কাল মিরপুরে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে নাসির বললেন সেই অনুভূতির কথা, ‘অনেক দিন পর টেস্ট দলে ফিরে ভালো লাগছে। ইচ্ছে ছিল টেস্ট খেলার। আমি সর্বশেষ দুই বছর টেস্ট খেলিনি। জানতাম, সুযোগ পেতে হলে পারফর্ম করেই পেতে হবে। এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আমি যেখানেই খেলেছি চেষ্টা করেছি পারফর্ম করার। সেটা পেরেছি বলেই দলে এসেছি।’
দেশের প্রতিনিধিত্ব করার একটা বাড়তি আনন্দ আর গর্ব তো আছেই। তবে মাঝে এই সময়টায় টেস্ট খেলতে পারেননি বলে হতাশায় নুয়ে পড়েননি নাসির, ‘আমি সব সময়ই মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করি। সত্যি বলতে, আমি জাতীয় দল নিয়ে এখন তেমন চিন্তা করি না। যখন যেটা খেলি, আমি চিন্তা করি ওটাই আমার শেষ খেলা। এখানে আমাকে সেরা কিছু করে দেখাতে হবে। আমি সেটাতেই উপভোগ করার এবং পারফর্ম করে যাওয়ার চেষ্টা করি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ পেলে নিজের সহজাত খেলাটাই খেলতে চাইবেন নাসির, ‘আমি যতটুকু বুঝছি, যদি খেলার সুযোগ হয় তাহলে ৬ কিংবা ৭ নম্বরে ব্যাট করব। আমার সঙ্গে যখন ব্যাটসম্যান থাকে, তখন চেষ্টা করি ইনিংসটাকে বড় করতে। এরপর টেল এন্ডাররা এসে গেলে চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব স্কোর বোর্ডে কিছু রান যোগ করতে। আমার পরিকল্পনা এটাই থাকবে, আমি এভাবেই চিন্তা করে রেখেছি।’
দলের বাইরে থাকার সময়টায় অনেক সমর্থন পেয়েছেন ভক্তদের কাছ থেকে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যমও তাঁকে সমর্থন দিয়ে গেছে। এই আস্থারও প্রতিদান দিতে চান নাসির, ‘আল্লাহর রহমতে দেশের মানুষ আমাকে ভালোবাসে। তাদের তো কিছু দেওয়া লাগবে। তাদের জন্য আমি চেষ্টা করব সব সময় ভালো খেলার।’