প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল

নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচে অর্ধশত পেয়েছেন মাহমুদুল হাসানছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডে পা রাখার পর বাংলাদেশ দলের ১১টি দিন কেটেছে হোটেলবন্দী হয়ে। এমনিতে সাত দিনের কোয়ারেন্টিন করার কথা ছিল বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের। কিন্তু বাংলাদেশ দল যে উড়োজাহাজে করে নিউজিল্যান্ডে গেছে, সেই উড়োজাহাজে যাত্রীদের মধ্যে করোনা রোগী শনাক্ত হওয়ায় বাড়তি চার দিনের কোয়ারেন্টিন করতে হয়েছে মুমিনুলদের।

কোয়ারেন্টিন শেষ করে আগেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। কাল দুদিনের প্রস্তুতি ম্যাচটিও শেষ করেছেন মুমিনুলরা। সেই ম্যাচে বল ও ব্যাট হাতে ভালোই করেছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। সব মিলিয়ে বাংলাদেশ সময় আগামী পরশু ভোররাতে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে দলের অনুশীলন আর প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদুল হাসান।

নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন মুশফিকুর রহিমও
ফাইল ছবি

মাউন্ট মঙ্গানুইয়ে আজ প্রস্তুতি ম্যাচ শেষে মাহমুদুল বলেছেন, ‘আমরা অনেক দিন আগে এখানে এসেছি। কিন্তু ১০ দিনের (আসলে ১১ দিন) কোয়ারেন্টিন করেছি। কোয়ারেন্টিন শেষে যে কয় দিন অনুশীলনের সুযোগ পেয়েছি, করেছি।’

দুদিনের প্রস্তুতি ম্যাচে দুই দলই একটি করে ইনিংস খেলতে পেরেছে। নিউজিল্যান্ড একাদশ তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ১৪৬ রান করে। ৩৬ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার আবু জায়েদ। আরেক পেসার তাসকিন আহমেদ ২ উইকেট নিয়েছেন ২৬ রান দিয়ে। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ২ উইকেট।

এরপর ব্যাট হাতে ভালোই করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম কোনো রান পাননি। তবে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল করেছেন ৬৬ রান। এ ছাড়া ৬৬ রান করেছেন মুশফিকুর রহিমও, লিটন দাস করেছেন ৪১ রান।

সব মিলিয়ে অনুশীলন ও প্রস্তুতি নিয়ে সন্তুষ্টই মনে হয়েছে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে টেস্ট অভিষেক হওয়া মাহমুদুলকে, ‘আজ প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে আমরা ব্যাটিংয়ে ভালোই করেছি। আমাদের প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। আমাদের একটাই প্রস্তুতি ম্যাচ। আমরা আশাবাদী ভালো কিছু হবে।’