প্রস্তুতি ভালো হলো না ক্লার্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল পাকিস্তান ‘এ’ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ১৫৩ রানে হার অস্ট্রেলিয়ার জন্য অবশ্যই একটু অস্বস্তির। অস্বস্তিটা অধিনায়ক মাইকেল ক্লার্কেরই একটু বেশি নয় কি?

ক্লার্কের সময়টাই ভালো যাচ্ছে না। চোট থেকে ফিরে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি ম্যাচটিতে খেলতে নামলেন পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। কিন্তু প্রস্তুতিটা ভালো হলো কই? দুই ইনিংস মিলে খেলতে পারলেন মাত্র ৩৬ বল, রান করেছেন ১০ ও ৫। অথচ সাম্প্রতিক সময়ে টেস্টে অস্ট্রেলীয় সাফল্যের পূর্বশর্তই যেন ক্লার্কের ব্যাটের চওড়া হাসি। এ বছরের মার্চে ক্লার্কের ১৬১ রানের দুর্দান্ত ইনিংসটা অস্ট্রেলিয়াকে জিতিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে। পরে জানা যায়, কাঁধে চোট নিয়েই চোয়াল চেপে খেলে গিয়েছিলেন ক্লার্ক! গত বছর শেষবার উপমহাদেশে খেলতে এসে ভারতের কাছে ৪-০ ব্যবধানে নাস্তানাবুদ হওয়ার সিরিজেও ব্যতিক্রম ছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। প্রথম টেস্টে ১৩০ ও দ্বিতীয় টেস্টে ৯১ রানের দুটি ঝলমলে ইনিংস খেলেছিলেন ভারতীয়দের স্পিনের বিপক্ষে। এএফপি।

প্রায় একই কন্ডিশনে এবার সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের মুখোমুখি অস্ট্রেলিয়া। ২২ অক্টোবর আবুধাবিতে শুরু প্রথম টেস্টে ক্লার্কের খেলা একরকম নিশ্চিতই। স্পিনের বিপক্ষে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যানকে তাই প্রস্তুতি ম্যাচে নিষ্ক্রিয় করে রাখতে পারাটা পাকিস্তানের জন্য স্বস্তিদায়ক। সেটি কতটা, শুনুন আসাদ শফিকের মুখে, ‘ক্লার্ককে এভাবে দুই ইনিংসে দ্রুত ফেরত পাঠানো দারুণ সন্তুষ্টি ও প্রেরণার।’ যদিও পাকিস্তানের এই মিডল অর্ডার ব্যাটসম্যান মনে করেন না প্রস্তুতি ম্যাচের জয়টা খুব বড় প্রভাব ফেলবে।