প্রস্তুতি ম্যাচ পাচ্ছে না জিম্বাবুয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ১৯ নভেম্বর। বিসিবি তাই জিম্বাবুয়ের সঙ্গে দুই টেস্টের সিরিজটি ১৭ নভেম্বরের মধ্যেই শেষ করতে চায়। কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেটের চাহিদা অনুযায়ী তিন দিনের প্রস্তুতি ম্যাচ হলে বিপিএলের আগে সিরিজ শেষ করা কঠিন। প্রস্তুতি ম্যাচের চিন্তাটা তাই সম্ভবত বাদই দিচ্ছে বিসিবি।
আইসিসির সভায় যোগ দিতে কাল রাতে দুবাই রওনা হওয়ার আগে মুঠোফোনে সে রকম আভাসই দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ‘প্রস্তুতি ম্যাচ হওয়ার সম্ভাবনা খুব কম।’ জিম্বাবুয়ে দল ১ বা ২ নভেম্বর বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছেন তিনি।
জিম্বাবুয়ের সঙ্গে দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টির সিরিজটি আগামী জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও বিসিবির অনুরোধে এগিয়ে আসছে টেস্টের অংশ। অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর স্থগিত করে দেওয়াতেই ফাঁকা সময়টা কাজে লাগাতে এই প্রস্তাব দিয়েছিল বিসিবি।
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বোর্ডের শঙ্কা থাকলেও বিসিবির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিতে সময় নেয়নি জিম্বাবুয়ে। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টেস্টের আগে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ চায় তারা। প্রস্তুতি ম্যাচ সেটিরই অংশ। কিন্তু বিসিবি সূত্র জানিয়েছে, জিম্বাবুয়ের প্রস্তাব মানলে ১৭ নভেম্বরের পরও ছয় দিনের মতো বেড়ে যাবে সিরিজ। বিপিএলের কারণে সেটা সম্ভব নয়। দুই বোর্ডের আলোচনায় সূচিটা চূড়ান্ত হয়ে যেতে পারে দুবাইয়ে আজ থেকে শুরু আইসিসি সভার এক ফাঁকেই।