প্রস্তুতি ম্যাচ বাদই দিয়ে দিল অস্ট্রেলিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল অস্ট্রেলিয়া দল। কিন্তু ক্রিকেটীয় রীতিনীতি বলে তো একটা কথা আছে! টেস্ট ভেন্যুতে প্রস্তুতি ম্যাচ হয় কী করে? সেটাও আবার টেস্টের মাত্র চার-পাঁচ দিন আগে? বিসিবি তাতে সাড়া না দেওয়ায় কাল দুই দিনের প্রস্তুতি ম্যাচটা খেলবে না বলে জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া দল। তবে বিসিবি অস্ট্রেলিয়াকে ম্যাচের আগের দিন পর্যন্ত অপেক্ষা করার প্রস্তাব দিয়েছে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী মুঠোফোনে বলেছেন, ‘আমরা তাদের জানিয়েছি, যদি আবহাওয়া এ রকমই থাকে, তাহলে হয়তো ফতুল্লার মাঠ প্রস্তুতি ম্যাচের জন্য প্রস্তুত করা সম্ভব হবে। কাজেই তারা যেন ম্যাচের আগের দিন আরেকবার মাঠ পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।’ অস্ট্রেলিয়া দল অবশ্য এরপর আর নতুন করে কিছু জানায়নি।

প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ২২ ও ২৩ আগস্ট। ম্যাচ না খেলে ওই দুই দিন মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করতে চায় স্টিভেন স্মিথের দল। বিকেএসপি থেকে আরও একবার ঘুরে এসে কাল এই মাঠও তাই ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা। বিসিবি অবশ্য প্রথম টেস্ট দলের সঙ্গে কাল দুপুরে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ দলও ঘোষণা করে দিয়েছিল। টেস্ট দলে না থাকা মাহমুদউল্লাহকে করা হয় অধিনায়ক। বিতর্কিতভাবে বাদ পড়া মুমিনুল হকও ছিলেন সেই দলে।

২০১১ বিশ্বকাপে বিকেএসপিতে ছয় দিন অনুশীলন ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু দূরত্বের কারণে এক দিনও তারা সেখানে যায়নি। এবারও একই কারণে বিকেএসপিতে খেলতে রাজি হয়নি অস্ট্রেলিয়া। দীর্ঘ জলাবদ্ধতার কারণে পুরোপুরি প্রস্তুত নয় ফতুল্লা।