প্রস্তুতি ম্যাচে জিতল আফগানরা

টি-টোয়েন্টি অভিষেক হয়ে গেছে বছরের শুরুতেই। এবার কি ওয়ানডে অভিষেকটাও হয়ে যাচ্ছে মোসাদ্দেক হোসেনের? বাংলাদেশের এই ব্যাটসম্যান কাল ফতুল্লায় আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ৭৬ রানের ইনিংস খেলে জানিয়ে রাখলেন তিনি প্রস্তুত।
ম্যাচটা অবশ্য জিতেছে আফগানিস্তান। ২৩৩ রান করেও ৬৬ রানের বড় ব্যবধানেই জয় তুলে নিয়েছে প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসা আফগানরা। বিসিবি একাদশ ৩৮.১ ওভারেই অলআউট ১৬৭ রানে।
বিসিবি একাদশের ইনিংসে চারে ব্যাট করতে নামা মোসাদ্দেক ছাড়া বলার মতো রান পেয়েছেন শুধু শুভাগত হোম (৩৪)। এ ছাড়া দুই অঙ্কের রান শুধু মেহেদী হাসান মিরাজের (১৫)। মোসাদ্দেকের ৯৭ বলের ইনিংসে চার ৫টি, ছক্কা ৩টি। রান তাড়া করতে নেমে ৩৯ রানেই ৪ উইকেট হারায় বিসিবি। পঞ্চম ও ষষ্ঠ উইকেটে মিরাজ ও শুভাগতকে নিয়ে যথাক্রমে ৫৬ ও ৫৯ রানের জুটি গড়ে আশা জাগিয়েছিলেন মোসাদ্দেক। কিন্তু ১৫৪ রানে মোহাম্মদ নবীর বলে মোসাদ্দেক বোল্ড হওয়ার পরই হুড়মুড় করে ভেঙে পড়ে বিসিবির ইনিংস। ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন নবী।
এর আগে আফগানিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৬৯ রান করেছেন হাশমতউল্লাহ শহীদি। বিসিবির পেসার আলাউদ্দিন বাবু ও স্পিনার মিরাজ নিয়েছেন ৩টি করে উইকেট। তবে দিন শেষে সবচেয়ে বেশি খুশি মোসাদ্দেক, ‘আমি জাতীয় দলে কেন, সেটা প্রমাণ করতে চেয়েছি। চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত খেলতে, কিন্তু হলো না।’