প্রস্তুতি ম্যাচে তামিমদের রানবন্যা
শ্রীলঙ্কা সিরিজের আগে জাতীয় দলের ব্যাটসম্যানদের প্রস্তুতিটা ভালোই হলো। বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন প্রায় প্রত্যেক স্বীকৃত ব্যাটসম্যানই। ৪৫ ওভারের ম্যাচে তামিম ইকবালের লাল দল ৫ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহর সবুজ দলকে। আগে ব্যাট করা সবুজ দলের দেওয়া ২৮৫ রানের লক্ষ্য ৩ ওভার বাকি থাকতেই পেরিয়ে যায় লাল দল। লাল দলের অধিনায়ক তামিম সর্বোচ্চ ৮০ রান করেন।
দিনটা যে ব্যাটসম্যানদের হতে যাচ্ছে, তা বোঝা যায় দিনের শুরুতেই সবুজ দলের দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈমের ব্যাটিংয়ে। দুজন মিলে ১১৩ রানের জুটি গড়েন বেশ দ্রুত। নাঈম ৩৮ রান করে স্বেচ্ছায় অবসর নেন। সৌম্য থামেন ৭০ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬০ রান করে।
লম্বা বিরতির পর মাঠে ফেরা সাকিব আল হাসান কেমন করেন, সেদিকে কৌতূহল ছিল অনেকের। তিনে নেমে ২০ বলে ২৮ রান করে মেহেদী হাসানের বলে বোল্ড হন সাকিব। মাঝে শুধু মোহাম্মদ মিঠুনই রান পাননি। দ্রুত গতিতে রান করেছেন মাহমুদউল্লাহ, আফিফ হোসেন। ৫৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬২ রান করেন মাহমুদউল্লাহ। ৫৪ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় আফিফ করেন ৬৪। দুজনই ফিফটি করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন। শেষে মেহেদী হাসান মিরাজ ও আমিনুল ইসলাম কিছু রান যোগ করলে ৪৫ ওভারে ৩ উইকেটে সবুজ দলের রান দাঁড়ায় ২৮৪ রান।
ব্যাটসম্যানদের দাপটের মধ্যে ভালো বোলিং করেছেন মেহেদী হাসান। ৯ ওভার বোলিং করে ৪০ রানে ২ উইকেট নেন তিনি। বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ১ উইকেট নিয়েছেন ৭ ওভারে ৪৫ রান দিয়ে। উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ।
দ্বিতীয় ইনিংসে তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে সবুজ দলের ২৮৪ রানও কম মনে হতে শুরু করে। সাকিবের বলে তামিমের সঙ্গী লিটন দাস ১৫ রানে আউট হলেও তামিমের ব্যাট থেকে আসে ৫৮ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস। ৭টি চার ও ৪টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। তিনে নামা ইমরুল কায়েস আউট হন ৩৩ রানে। মুশফিকুর রহিম চারে নেমে ৫৫ বলে ৬৪ রান করে স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন। মোসাদ্দেক, মেহেদী ও সাইফউদ্দিনের ছোট ছোট ইনিংস ৪১ ওভারেই ম্যাচ শেষ করে দিয়েছে।
আজ সবুজ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ ৫ ওভার হাত ঘুরিয়েছেন। ২৯ রানে ১ উইকেট নিয়েছেন। সাকিব ৬ ওভারে ৪৫ রানে ১ উইকেট নেন। ভালো বোলিং করেছেন তাইজুল ইসলাম। ৬ ওভারে ২১ রানে ১ উইকেট নেন এই বাঁহাতি। আরেক স্পিনার মিরাজ অবশ্য রান খরচা করেছেন বেশ। ৭ ওভারে দিয়েছেন ৫২ রান।