প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়
ম্যাচের পর হয়তো কিছুটা দুঃখই হলো নিগার সুলতানার। দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, দলকে জয় এনে দিয়েছেন। কিন্তু এই ইনিংসটা ক্যারিয়ারের পরিসংখ্যানে কোনো চিহ্নই রাখতে পারছে না। আয়ারল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে দেওয়া ম্যাচটি যে শুধুই একটা প্রস্তুতি ম্যাচ ছিল কাল।
বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বাংলাদেশ নারী দল এখন কলম্বোতে। এরই প্রস্তুতিতে কাল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রস্তুতিটা এতটাই ভালো হয়েছে, রুমানারা এই ম্যাচের আনুষ্ঠানিক স্বীকৃতিও চেয়ে বসতে পারেন!
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ২১০ রানের। কাল সে রান উঠে গেল ৪৭তম ওভারেই। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৩৫ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। কৃতিত্বটা ছয়ে নামা উইকেটকিপার-ব্যাটার নিগারের। নেমেছিলেন ২৬তম ওভারে, বাংলাদেশের রান তখন ৯২। আরেকটা ব্যাটিং ধস যখন অবশ্যম্ভাবী, তখনই দাঁড়িয়ে গেলেন নিগার। শুরুটা করেছেন ধীরে-সুস্থে। প্রথম ছয় বলে কোনো রান করেননি, ৩৯ বল পরেও মাত্র ১৭ রান। কিন্তু প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে ফিফটি তুলে নিলেন ৬২ বলে। তবে অষ্টম চারটি মারার পরই আউট হয়ে গেছেন নিগার।
তাড়া করতে নেমে কখনোই স্বস্তিতে ছিল না আয়ারল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লক্ষ্য থেকে ৪০ রান দূরে থেমেছে দলটি। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৫/৮ (নিগার ৫১, শারমিন সুলতানা ৪৭, সালমা ৩৮, শারমিন আখতার ২৯; গার্থ ৩/৬০, ম্যাটকালফ ২/৩১, জয়েস ১/২৪)
আয়ারল্যান্ড: ৫০ ওভারে ১৯৬/৯ (কেন্ড্যাল ৫৪, গার্থ ৩৯, শিলিংটন ২৬, জয়েস ১৮; খাদিজা ৪/৩৬, জাহানারা ২/২৭, সালমা ১/৪৪, রুমানা ১/৩১)
ফল: বাংলাদেশ ৩৯ রানে জয়ী।