এমন দলের কাছেও মুশফিকদের হাঁসফাঁস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টস করছেন দুই অধিনায়ক। ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড
টস করছেন দুই অধিনায়ক। ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড

ওয়ার্নারের পার্কে বাংলাদেশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের যে দলটি এখন মাঠে, তাদের প্রোফাইল জানতে ক্রিকইনফোর দ্বারস্থ হলে একটু হতাশই হতে হবে! একমাত্র শিবনারায়ণ চন্দরপল বাদে সবই অপরিচিত নাম। অধিনায়ক জ্যাক টেলরের এখনো আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক হয়নি। ফার্স্ট ক্লাস ক্যারিয়ারটাও আহামরি নয়। অধিনায়কের মতো দলের বাকি খেলোয়াড়েরাও তথৈবচ। তাই দলের অধিকাংশ খেলোয়াড়ের বিস্তারিত তথ্য জমা হয়নি ক্রিকইনফোর তথ্যভান্ডারে।
অথচ এ দলটির বিপক্ষেই কি না হাঁসফাঁস করছে বাংলাদেশ! মধ্যাহ্নবিরতির আগে মুশফিকুর রহিমের দলের সংগ্রহ ২৭ ওভারে ৩ উইকেটে ৬৭।
টসে জিতে ব্যাট করতে নেমে ২২ রানেই প্রথম উইকেটের পতন। বোতসয়ানের বলে উইকেটরক্ষক ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১০ রানে ফিরেছেন শামসুর রহমান। মধ্যাহ্নবিরতির কিছু আগে, ৬০ রানের মাথায় ফিরেছেন মমিনুল হক। ইমরুল কায়েস উইকেটে রয়েছেন ২২ রানে। এখনো রানের খাতা খুলতে পারেননি মাহমুদউল্লাহ। ওয়ার্নার পার্কে এখনো পর্যন্ত স্পিনাররা খুব একটা সুবিধা করতে পারেননি। পেসাররাই ভোগাচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। লুইস নিয়েছেন  ২ উইকেট।  

ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে টেস্টে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে এ ম্যাচে ভালো কিছু করার চেষ্টা মুশফিকুর রহিমের দলের। আগামী ৫ সেপ্টেম্বর সেন্ট ভিনসেন্টে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। সূত্র: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড