প্রস্তুতি ম্যাচে ভুল শোধরানোর লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের ঝাপটা চলে গেছে। কিন্তু বৃষ্টি পুরোপুরি যায়নি। পরশু রাতে মুষলধারে বৃষ্টি হলো কয়েক ঘণ্টা। কাল সকালে এ প্রতিবেদন লেখার সময় যখন বাংলাদেশ ওয়ার্নার পার্কে গা গরম করছিল, তার একটু আগেও ঝরছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ভারী হয়ে ছিল আউটফিল্ড। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি বাগড়া দিতে পারে আজ থেকে শুরু তিন দিনের প্রস্তুতি ম্যাচটিতেও।
দিনে প্রচণ্ড গরম। সন্ধ্যার পর সমুদ্রের হিমেল হাওয়া। আর মাঝে মাঝেই টিপ টিপ বৃষ্টি—সংক্ষেপে এই হলো ক্যারিবীয় আবহাওয়া। সঙ্গে মাঠ, মাঠের কন্ডিশন সবই এই কদিনে পরিচিত হয়ে গেছে ক্রিকেটারদের। কাল অনুশীলনে নামার আগে তামিম ইকবাল বলেও গেলেন, ‘আমার মনে হয় কন্ডিশন এখানে কখনোই সমস্যা ছিল না। উইকেটও যে বাংলাদেশের চেয়ে খুব ভিন্ন তা নয়। উনিশ-বিশ হবে।’ খেলার ফলাফলে তাই কন্ডিশনের চেয়ে নিজেদের ভূমিকাটাই বেশি দেখছেন বাঁহাতি ওপেনার, ‘আসলে আমরা কীভাবে খেলি সেটাই গুরুত্বপূর্ণ। দল হিসেবে যদি একসঙ্গে ভালো খেলতে পারি, সেশন ধরে ধরে যদি জিনিসগুলো করতে পারি, ভালোই হবে আশা করি।’
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস জাতীয় দল। তবে অতিথি খেলোয়াড় হিসেবে এতে খেলার কথা গায়ানার শিবনারায়ণ চন্দরপলেরও। বাংলাদেশ দলের অনুশীলনে কাল কোনো নেট বোলারই দেয়নি ডব্লুআইসিবি। স্থানীয় সব নেট বোলারই নাকি আজ থেকে শুরু প্রস্তুতি ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস দলের হয়ে খেলবে, ডব্লুআইসিবি কারণ দেখিয়েছে এটাই। বাংলাদেশের অনুশীলনে তাই কাল বল করতে দেখা গেল বোলিং কোচ হিথ স্ট্রিক, ট্রেনার মারিও ভিল্লাভারায়ণকেও।
তবে টেস্ট সিরিজের আগে এমন একটা প্রস্তুতি ম্যাচ পেয়ে ক্রিকেটাররা খুশি। তাদের হয়ে তামিমই জানালেন, ‘যে সফরেই যাই না কেন, তিন দিনের ম্যাচ খেলার সুযোগ আমরা কম পাই। এখানে একটা প্র্যাকটিস ম্যাচ পাওয়ায় তাতে টিম কম্বিনেশন দেখার সুযোগ থাকবে। ভালো খেললে আমাদের আত্মবিশ্বাসও বাড়বে।’
ওয়ানডের ব্যর্থতা থেকে মনটাকে টেস্টের দিকে ফেরাতেও এই ম্যাচের ভূমিকা দেখছেন তামিম, ‘আমরা যে রকম আশা করেছিলাম, ওয়ানডে সিরিজটা হয়তো সেভাবে যায়নি। প্রথম দুই ম্যাচে আমরা খুব ভালো অবস্থানে থাকলেও সেটাকে কাজে লাগাতে পারিনি। টেস্ট ক্রিকেট ভিন্ন ধরনের খেলা। এখানে ফোকাসটা অনেক বেশি থাকতে হবে।’
সাকিব আল হাসান ওয়ানডেতেও ছিলেন না। তবে মাশরাফি বিন মুর্তজা ছিলেন। এখন তিনিও চলে যাচ্ছেন বলে টেস্টে বাংলাদেশের বোলিং আক্রমণ কিছুটা হলেও দুর্বল। যদিও তামিম সেটা মনে করছেন না, ‘সাকিব তো সব সময়ই আমাদের সেরা বোলার। তবে আল আমিন, রুবেলও টেস্টে ভালো বল করে। আল আমিন তো এখন সেরা ফর্মে আছে। অবশ্য আমরা পেসবান্ধব উইকেটে খেলছি না স্পিনবান্ধব উইকেটে খেলছি, সেটার ওপরই নির্ভর করবে আমরা কাকে মিস করছি বেশি।’
টানা হারের মধ্যে থাকলেও বাংলাদেশ দল খুব খারাপ খেলছে বলে মনে করেন না তামিম। ৭০-৮০ ভাগ কাজ ঠিকঠাক করেও বাকি ২০-৩০ ভাগেই নাকি ওলট-পালট হয়ে যাচ্ছে সবকিছু। তাই টেস্টের আগে আজ থেকে শুরু প্রস্তুতি ম্যাচকে সে ভুলগুলো শোধরানোর উপলক্ষ ভাবছেন, ‘যে ভুলগুলো হচ্ছে, আমরা সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। নিজেদের মধ্যে আলোচনা করছি কী করলে ঠিক হবে। টেস্ট শুরুর আগেই আশা করি সেটা খুঁজে বের করতে পারব।’
ওয়েস্ট ইন্ডিজে তামিমের ব্যাটিংয়ে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টাটা পরিষ্কার। একটাই সমস্যা, বড় ইনিংস হচ্ছে না। তাই বলে আস্থা হারাচ্ছেন না নিজের ওপর থেকে, ‘আমি মোটামুটি একটা ছন্দে চলে এসেছি। চেষ্টা করব যে ছন্দটা এসেছে সেটা ধরে রাখার। চেষ্টা করব বড় ইনিংস খেলার।’
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলটার জন্যও যে বড় জরুরি সেটা!