প্রস্তুতি ম্যাচে মজিদ-ঝলক

ব্রডকে বাউন্ডারি মেরে শুরু, ব্রডেই শেষ! মাঝে এম এ আজিজ স্টেডিয়াম আলোকিত হয়েছে আবদুল মজিদের ব্যাটের ছটায়। কাল ইংল্যান্ডের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের এই ওপেনার করেছেন অসাধারণ এক সেঞ্চুরি। ১৫ চার আর ১ ছয়ে মাত্র ৯০ বলে। হতে পারে প্রস্তুতি ম্যাচ, তবে প্রতিপক্ষ ইংল্যান্ড বলেই মজিদের ইনিংসটার আলাদা মহিমা থাকছে।
গত কয়েক মৌসুমে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত আলো ছড়াচ্ছেন মজিদ। তবে এখনো যেন পাদপ্রদীপের আলোর বাইরে ময়মনসিংহের এই ব্যাটসম্যান। তবে কাল মজিদ ভালোভাবেই চিনিয়েছেন নিজেকে। স্টাইলিশ না হতে পারে, তবে তাঁর ১০৬ রানের ইনিংসটা ছিল স্ট্রোক-ঝলমলে। অফ-অনে একের পর এক ড্রাইভ খেলে ‘ক্লান্ত’ করে তুলেছেন ইংলিশ বোলারদের। ক্রিস ওকসের এক ওভারেই মেরেছেন পর পর তিন বাউন্ডারি। হাফ সেঞ্চুরি করেছেন ৩৯ বলে। মজিদ সবচেয়ে বেশি ভুগিয়েছেন দুই ইংলিশ পেসার ব্রড ও স্টোকসকে। তাঁর ১৬ বাউন্ডারির ১২টিই এই দুই পেসারের বলে।
পায়ের পেশিতে টান পড়ায় লাঞ্চের পর ব্যাটিংয়ে নামেননি মজিদ। তখন অপরাজিত ছিলেন ৯২ রানে। ফের উইকেটে আসেন চা-বিরতির পর। ব্রডকে কাভারে তুলে মেরে পূর্ণ করেন সেঞ্চুরি। তবে খানিক পরই তাঁকে পুল করতে গিয়ে বোল্ড!
মজিদের সঙ্গে ঔজ্জ্বল্য ছড়িয়েছেন নাজমুল হোসেনও, করেছেন ৭১ রান। তবে বিসিবি একাদশের শুরুটা যত ভালো ছিল, সময়ের সঙ্গে সেটি ততই হতশ্রী হয়েছে। দ্বিতীয় সেশনে ১১৫ রানে পড়েছে ৪ উইকেট আর শেষ সেশনে ৫২ রানে ৫ উইকেট। প্রথম ইনিংসে অলআউট ২৯৪ রানে। আগের দিন সৌম্য রানে ফেরার আভাস দিলেও কাল আবার ব্যর্থ, ওকসের বলে আউট হয়েছেন ৪ রান করে। হঠাৎই প্রস্তুতি ম্যাচের দলে অন্তর্ভুক্ত হওয়া মুমিনুল হক করেছেন মাত্র ১ রান। অবশ্য প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পাওয়া নুরুল হাসান করেছেন ৩৯ রান। পেসাররা সুবিধা করতে না পারলেও ইংলিশ স্পিনাররা ঠিকই ভুগিয়েছেন বিসিবির ব্যাটসম্যানদের, ৭টি উইকেটই নিয়েছেন তাঁরা। একটু খরুচে হলেও জাফর আনসারি সফলতম বোলার, নিয়েছেন ৪ উইকেট।
শেষ বিকেলে বড় আকর্ষণ ছিল সাদা পোশাকে তাসকিন আহমেদের বোলিং। প্রায় সাড়ে তিন বছর পর বড় পরিসরের ক্রিকেট খেলতে নেমে বেশ রোমাঞ্চিত ২১ বছর বয়সী পেসার, ‘লাল বলে বোলিং করব, একটু রোমাঞ্চ কাজ করছিল। কেমন করি, একটু টেনশনও ছিল। ২ ওভার করেছি, ভালোই হয়েছে।’
দিনের খেলা শেষ হওয়ার খানিক আগে ঘোষণা করা হয়েছে প্রথম টেস্টের দল। তাতে অনুমিতভাবেই নেই মজিদের নাম। এবার হয়নি, তবে ভবিষ্যতে হবে, সেই আশায় বুক বাঁধছেন ২৫ বছর বয়সী ওপেনার, ‘আমি ভালো খেলে যাওয়ার চেষ্টা করব। যখন নির্বাচকেরা যোগ্য মনে করবেন, নিশ্চয়ই নেবেন।’
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি একাদশ ১ম ইনিংস: ৭৪.৪ ওভারে ২৯৪ (মজিদ ১০৬, নাজমুল ৭২, মোসাদ্দেক ৪৭, নুরুল ৩৯; আনসারি ৪/৬৮, ব্রড ২/৪৩, ব্যাটি ২/৫৫)। ইংল্যান্ড ১ম ইনিংস: ৪ ওভারে ২/০ (ডাকেট ২*, হামিদ ০*)।