প্রস্তুতি ম্যাচে মুশফিকদের প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে কিরিত পাঞ্চাল, শ্রেয়াশ আয়ার ও বিজয় শংকর কাল যে ব্যাটিংটা করলেন কোহলি-রাহানেদের কি তাতে চোখ চকচক করে উঠল?
হায়দরাবাদের জিমখানা মাঠে বাংলাদেশ-ভারত ‘এ’ দলের দুই দিনের প্রস্তুতি ম্যাচটা যে ফল দেখবে না, অনুমেয়। ম্যাচটা হয়েছেও ড্র। তবে মুশফিকরা একটি বার্তা নিশ্চিত পেয়েছে, পরশু থেকে শুরু হায়দরাবাদ টেস্টে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষাই নেবেন ভারতীয় ব্যাটসম্যানরা।
১ উইকেটে ৯১ রান তুলে প্রথম দিন শেষ করা ভারত ‘এ’ দল কাল বাংলাদেশের বোলারদের ভীষণ ভুগিয়েছে। অবসরে যাওয়ার আগে তিন অঙ্ক ছুঁয়েছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান পাঞ্চাল (১৪৮ বলে ১০৩) ও আয়ার (৯১ বলে ১০০)। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন যোগ করেছেন ১৫৯ রান। অবসর নিয়ে পাঞ্চাল-আয়ার ফিরে যাওয়ার পরই নিজেদের একটু ফিরে পান বাংলাদেশের বোলাররা। তবে ২৮৭ রানে ৭ উইকেট তুলে নেওয়ার পরও প্রথম ইনিংসে ভারত ‘এ’ দলকে অলআউট করতে পারেনি বাংলাদেশ। শঙ্কর ও নিতিন সাইনি সেটি হতে দেননি। দুজনের অষ্টম উইকেট জুটিতে ওঠে ১১৫ রান। ১৪ চার ও ৩ ছক্কায় ৮১ বলে ১০৩ রানে অপরাজিত ছিলেন শংকর। আর তাইজুল ইসলামের বলে মেহেদী হাসান মিরাজের ক্যাচ হওয়ার আগে সাইনি করেছেন ৬৬ রান। ৮ উইকেটে ৪৬১ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত ‘এ’।
বোলারদের হতাশার দিনে যা একটু সফল শুভাশিস রায়, ৫৭ রানে পেয়েছেন ৩ উইকেট। তাইজুলের ৩ উইকেট এসেছে ১৪১ রানে। মিরাজের দিনটা গেছে বড় কঠিন। ১৬ ওভারে ৯২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন বাংলাদেশ দলের এই অফ স্পিনার।
ভারত ‘এ’ দলের চেয়ে ২৩৭ রানে পিছিয়ে থেকে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়েছে। জিমখানার শেষ বিকেলে তামিম ইকবাল-সৌম্য সরকারও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ওপেনিং জুটিতে তাঁরা তুলে ফেলেন ৭১ রান (৭৪ বলে)। কুলদীপ যাদবের বলে ঈশান কিষানের হাতে স্টাম্পড হওয়ার আগে প্রথম ইনিংসে ফিফটি করা সৌম্যর রান ৩২ বলে ২৫। যাদবের পরের বলেই শূন্য রানে ফিরে যান মুমিনুল হক। ৫৪ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন তামিম।
প্রস্তুতি ম্যাচে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নেওয়াটাই আসল কথা। সেটি খারাপ হয়নি বলেই মনে করেন তাইজুল, ‘(নিউজিল্যান্ড থেকে এসে) অনুশীলনের খুব বেশি সুযোগ হয়নি। এখানকার আবহাওয়া, উইকেটের সঙ্গে মানিয়ে নিতেই প্রস্তুতি ম্যাচ খেলা। ভারতীয় ব্যাটসম্যানরা কেমন শট খেলে, কোন বলে দুর্বল, কোন বল ভালো খেলে, দেখার সুযোগ হয়েছে এই ম্যাচে।’
তবে হায়দরাবাদ টেস্টে বাংলাদেশের বোলারদের জন্য কাজটা যে সহজ হবে না, সেটিও বোঝা গেছে এই ম্যাচে। তাইজুল সেটি মানছেন। তবে বাঁহাতি স্পিনার আশাবাদী, ভুলগুলো দ্রুত শুধরে নেওয়া যাবে, ‘প্রস্তুতি ম্যাচ খেলাই তো এ কারণে। তাদের আরও ভালো ভালো ব্যাটসম্যান আছে যারা আরও আক্রমণাত্মক খেলবে আমাদের সঙ্গে। সামনের অনুশীলনে আমরা এগুলো নিয়ে কাজ করব।’
দুদিন আগে ঋদ্ধিমান সাহা বলেছেন, বাংলাদেশকে ছোট করে দেখছেন না তাঁরা। তাইজুল আশা করেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যানের এই কথাটার প্রতিফলন ঘটুক ম্যাচেও, ‘ইংল্যান্ডকে কিছুদিন আগে আমরা হারিয়েছি। নিউজিল্যান্ডের সঙ্গে দুই টেস্টের দ্বিতীয় ইনিংসে ভালো না হলেও প্রথম ইনিংসে ভালো হয়েছে। ব্যাটসম্যানরা রান করেছে। এই কন্ডিশনে আমাদের বোলার-ব্যাটসম্যানরা আশা করি ভালো করবে। আমরা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই মাঠে নামব।’
সংশোধনী
কাল স্কোরকার্ডে উল্লেখ করা হয়েছিল তাসকিন আহমেদের বোলিং। ভুলটা ছিল আসলে ক্রিকইনফোর স্কোর কার্ডে। তাসকিন নন, বোলার ছিলেন আবু জায়েদ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২২৪/৮ ডি. ও ১৫ ওভারে ৭৩/২ (তামিম ৪২*, সৌম্য ২৫, মুমিনুল ০, মাহমুদউল্লাহ ১* ; কুলদীপ ২/২)।
ভারত ‘এ’ ১ম ইনিংস: ৮৯ ওভারে ৪৬১/৮ (পাঞ্চাল ১০৩, শঙ্কর ১০৩*, আয়ার ১০০, সাইনি ৬৬, জাগগি ২৩, পন্ত ১৯; শুভাশিস ৩/৫৭, তাইজুল ৩/১৪১, শফিউল ০/৫০, জায়েদ ০/৭২, মিরাজ ০/৯২, মুমিনুল ০/৭, সৌম্য ০/১৩, মাহমুদউল্লাহ ০/২৪)।
ফল: ড্র।