প্রস্তুতি ম্যাচে লক্ষ্য পূরণ মিরাজদের

প্রথম লক্ষ্য ছিল সব ম্যাচ জেতা। দ্বিতীয় লক্ষ্য, দলের সবাইকে খেলার সুযোগ দেওয়া। মূল টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের সামর্থ্যটা আরেকবার জেনে নেওয়াই ছিল এর উদ্দেশ্য। আগামীকাল থেকে শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পা রাখার আগে এই দুই লক্ষ্যই পূরণ হয়েছে বাংলাদেশের যুবাদের। বিশ্বকাপটা এখন তারা শুরু করতে পারছে বুকভরা আত্মবিশ্বাস নিয়ে।
হ্যাঁ, বুকভরা আত্মবিশ্বাস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৯৭ রানে হারানোর পর মুঠোফোনে কোচ মিজানুর রহমানই জানালেন সেই আত্মবিশ্বাসের কথা, ‘ছেলেরা জয়ের মধ্যে আছে, এটাই সবচেয়ে বড় কথা। যেকোনো পর্যায়ের খেলাতেই জয় গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচে আমাদেরও প্রথম লক্ষ্য ছিল সব ম্যাচ জেতা। এ ছাড়া সবাইকে দেখারও চেষ্টা করেছি। টানা জয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।’
বাংলাদেশের যুব বিশ্বকাপের প্রস্তুতি মূলত শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে। সিরিজটি ৩-০ ব্যবধানে জেতার পর প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও মেহেদী হাসান মিরাজের দল হারায় জিম্বাবুয়েকে। সেই ধারাবাহিকতা ধরে রেখেই কাল ইংল্যান্ডের যুবাদের সামনে ২৪৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় তারা। ইংল্যান্ড অলআউট ৪৮.১ ওভারে ১৪৯ রানে।
৯১ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতে ধুঁকছিল বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে শফিউল হায়াৎ (৬৮) ও জাকের আলীর (৩৬) ৬৭ রানের জুটিতে ম্যাচে ফেরার পর স্বাগতিকদের আর পেছন ফিরে তাকাতে হয়নি। শফিউল-মোহাম্মদ সাইফুদ্দিন মিলে পরের উইকেটে যোগ করেন আরও ৭৬।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ৮ উইকেটে করা ২৪৬ রানের জবাবে কোনো রান না করেই ২ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। মিডল অর্ডারে কিছুটা লড়াইয়ের চেষ্টা হলেও জয়ের ধারেকাছে যাওয়ার জন্যও যথেষ্ট হয়নি সেটা। অফ স্পিনে অধিনায়ক মিরাজ নিয়েছেন ৩ উইকেট। এর মধ্যে আছে প্রথম ২ ওভারে পড়া ৩ উইকেটের দুটি। বাঁহাতি পেসার মেহেদী হাসান রানাও ৩ উইকেট নিয়েছেন ১৭ রানে।
বাংলাদেশ দলের জন্য আরেকটি সুসংবাদ—অনুশীলনে মাথায় চোট পাওয়া বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ শাওন সুস্থ হয়ে কাল মাঠে ফিরেছেন। উইকেটও নিয়েছেন একটা।
চট্টগ্রামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। গ্রুপের অন্য দুই দল স্কটল্যান্ড ও নামিবিয়া অপেক্ষাকৃত দুর্বল বলেই হয়তো কোচ মিজানুর রহমান তাকিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচটার দিকে, ‘আমরা মূলত এই একটা ম্যাচের জন্যই অপেক্ষা করছি। দলের মধ্যে স্নায়ুচাপ নেই, বাড়তি কোনো চাপই নিচ্ছে না কেউ। প্রস্তুতি ম্যাচে ধারাবাহিক জয় পাওয়ায় বরং বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভালো কিছু করার জন্য সবাই মুখিয়ে আছে।’
প্রস্তুতি ম্যাচের শেষ দিনে কাল ম্যাচ হয়েছে আরও পাঁচটি। বিকেএসপিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। একই ভেন্যুর অন্য তিন মাঠে নেপালকে ৬৫ রানে শ্রীলঙ্কা, আফগানিস্তানকে ১৩ রানে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে কানাডা অনূর্ধ্ব-১৯ দল। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের অন্য ম্যাচে নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ের যুবারা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৪৬/৮ (শফিউল ৬৮, সাইফুদ্দিন ৪৬*, জাকের ৩৬; মাহমুদ ২/২৪, টেলর ২/২৫)।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৪৮.১ ওভারে ১৪৯ (টেলর ৪১; মিরাজ ৩/১২, রানা ৩/১৪, সাইফুদ্দিন ২/১৭, আরিফুল ১/২০, সালেহ ১/৪৩)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯৭ রানে জয়ী।