৩৫৪ রানের বোঝা বাংলাদেশের মাথায়
ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি রান-উৎসব বানিয়ে ফেলল শ্রীলঙ্কান বোর্ড সভাপতি একাদশ। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৫ রান করেছে তারা। শুরু থেকে চড়াও হওয়া লঙ্কান ব্যাটসম্যানরা কেবল শেষ ১০ ওভারে তুলেছে ৮৫ রান। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেও শুরুটা ভালো করেনি। ইনিংসের প্রথম বলে ফিরে এসেছেন ইমরুল কায়েস।
শ্রীলঙ্কান বোর্ড সভাপতি একাদশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন সানদুন বীরাক্কোদি—৫৪ বলে ৬৭। এ ছাড়া কুশল পেরেরার ব্যাট থেকে এসেছে ৬৪ রান। পাশাপাশি দিলশান মুনাবীরা ২৪, মিলিন্দা সিরিবর্ধনে ৩২, ধনঞ্জয়া ডি সিলভা ৪৩, প্রসন্ন ডি সিলভা ২৮, থিসারা পেরেরা ৪১ ও দাসুনি সানাকা ২৬ রানে অপরাজিত ছিলেন। থিসারা ৪১ রান করেছেন ৩০ বলে।
বাংলাদেশের প্রায় সব বোলারই ছিলেন খরচে। অধিনায়ক মাশরাফি ৯ ওভারে ৬৬ রানে দিয়ে নিয়েছেন ১টি উইকেট। তাসকিনও একটি উইকেট পেয়েছন ৬ ওভারে ৫১ রান দিয়ে। উইকেট পেয়েছন সানজামুল ইসলামও। ৬ ওভার বল করে ২৭ রানে ১ উইকেট তাঁর। একটি করে উইকেট নিয়েছেন আবুল হাসান ও সাইফউদ্দিন।
সকালে কলম্বো ক্রিকেট ক্লাবে টসে জিতে ফিল্ডিং করতে নেমে শুরুতেই শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের ব্যাটসম্যানদের ব্যাটিং-তোপে পড়ে বাংলাদেশের বোলাররা। সানদুন বীরাক্কোদি ও কুশল পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত গড়ে তারা।
বীরাক্কোদি ৫৩ বল খেলে ৬৭ রান করে আউট হয়েছেন সাইফউদ্দিনের বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে। তাঁর ইনিংসে আছে ৮ চার ও ২ ছয়ের মার।
বাংলাদেশ প্রথম সাফল্য পেয়েছিল ওপেনার দিলশান মুনাবীরাকে ফিরিয়ে। তিনি ২১ বলে ২৪ রান করে তাসকিন আহমেদের বলে এলবিডব্লু হন। শ্রীলঙ্কা একাদশের রান তখন ৩৬। দলীয় ১৮৮ রানের মাথায় মাঠ থেক উঠে যান পেরেরা। ২০২ রানের মাথায় লঙ্কান একাদশের অধিনায়ক মিলিন্দা সিরিবর্ধনেকে নুরুল হাসানের ক্যাচে ফেরান সানজামুল ইসলাম। চতুরঙ্গ ডি সিলভাকে বোল্ড করেন আবুল।
ম্যাচটি ৫০ ওভারের হলেও দুই দলই স্কোয়াডের ১৭ খেলোয়াড়কেই ব্যবহার করতে পারবে।