প্রস্তুতি ম্যাচে হার বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিসবেনে আজ সর্বোচ্চ রান এসেছে মুমিনুলের ব্যাট থেকে। ছবি: এএফপি
ব্রিসবেনে আজ সর্বোচ্চ রান এসেছে মুমিনুলের ব্যাট থেকে। ছবি: এএফপি

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে আগে ব্যাট করা বাংলাদেশের ২৩১ রানের স্কোর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ টপকে যায় ৪৩.৩ ওভারে, ৫ উইকেট হারিয়ে।
বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নিয়েছেন রুবেল হোসেন। একটি করে উইকেট মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানের।
আন অফিশিয়াল এই ম্যাচে বাংলাদেশের পক্ষে ব্যাটিং করেছেন ১১ জন। বোলিং-ফিল্ডিং করার সুযোগ ছিল ১৩ জনের। চোটের কবল থেকে নিস্তার পাওয়ার লড়াইয়ে প্রায় সফল তামিম ইকবাল আজকের ম্যাচে ব্যাট হাতে মাঠে নামেননি।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে ২৩১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। মাহমুদউল্লাহ করেন ৪২ রান। এ ছাড়া সৌম্য সরকারের ৩৩ আর সাব্বির রহমানের ৩১ রানে সংগ্রহটা মোটামুটি লড়াকু হয় মাশরাফি বাহিনীর।
মুমিনুল-মাহমুদউল্লাহ-সৌম্য-সাব্বির ছাড়া ব্যাট হাতে মাঠে নামা আর কোনো ব্যাটসম্যানই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। সাকিব আল হাসান আউট হন ১৪ রানে, মুশফিকুর রহিম ১৯ রানে। নাসির হোসেন সাজঘরে ফেরেন ৩ রানে।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ অবশ্য নিজেদের ইনিংসের শুরুতেই কিছুটা বিপর্যয়ের মুখে পড়েছিল। তারা মাত্র ১৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল রুবেল হোসেন ও মাশরাফি বিন মুর্তজার দারুণ বোলিংয়ে। কিন্তু পরের ব্যাটসম্যানরা নিজেদের গুছিয়ে নিয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। সূত্র: কুইন্সল্যান্ড ক্রিকেটের টুইটার পেজ।