প্রস্তুতি ম্যাচেও লক্ষ্য জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলন ছিল ঐচ্ছিক। তার পরও কাল ব্যাটসম্যানদের মোটামুটি সবাই গেলেন অ্যালান বোর্ডার মাঠে। হোক ‘আনঅফিশিয়াল’ প্রস্তুতি ম্যাচ, অস্ট্রেলিয়ায় গিয়ে ক্রিকেট খেলতে আজই যে প্রথম মাঠে নামবে বাংলাদেশ দল! তার আগের দিনটাতে তো অবশ্যই বল-ব্যাটের সংস্পর্শে থাকতে হবে। আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়ার কথা ম্যাচটি।
প্রস্তুতি ম্যাচ যেহেতু, যত বেশি সম্ভব খেলোয়াড়কে সুযোগ দেওয়াই লক্ষ্য টিম ম্যানেজমেন্টের। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে অ্যালান বোর্ডার মাঠের এই ম্যাচে বাংলাদেশের হয়ে ১১ জন ব্যাটিং করলেও বোলিং-ফিল্ডিং করবেন ১৩ জন। দলের বাইরে থাকা দুজনের একজন তামিম ইকবালই হওয়ার কথা। যদিও কাল ব্রিসবেন থেকে টেলিফোনে টিম ম্যানেজার খালেদ মাহমুদ জানালেন, দল ঠিক হবে সকালে ম্যাচ শুরুর আগে।
ম্যাচের আগের দিন বোলারদের বিশ্রাম দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মাহমুদ বলেছেন, ‘গত দুই দিনের অনুশীলনে বোলাররা অনেক বল করেছে। সে জন্যই বেশির ভাগ বোলার আজ (গতকাল) অনুশীলন করেনি।’ অস্ট্রেলিয়ার জল-হাওয়ার সঙ্গে এই কয় দিনে কে কেমন খাপ খাওয়াতে পারল, প্রস্তুতি ম্যাচে মূলত সেটাই দেখা হবে বলে জানালেন টিম ম্যানেজার। সঙ্গে বিশ্বকাপের ম্যাচের একাদশ নিয়ে গবেষণা তো চলবেই। তবে প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশ দলের লক্ষ্য জয়ই, ‘সেরা একাদশ কেমন হতে পারে, এখানকার কন্ডিশনের সঙ্গে কে কেমন মানাতে পারল, প্রস্তুতি ম্যাচে মূলত এসবই দেখা হবে বলে আমার ধারণা। তবে ছেলেরা জেতার জন্য খেলবে। প্রস্তুতি ম্যাচ হোক আর যা-ই হোক, জয় আত্মবিশ্বাস বাড়ায়। আমরা চাই জয়ের অভ্যাসটা প্রস্তুতি ম্যাচ থেকেই হোক।’