প্রস্তুতি ম্যাচের প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোরকার্ড বলছে দাপুটে জয়। নিজেদের হারিয়ে খোঁজা তামিম ইকবাল আর মাহমুদউল্লাহর ব্যাটে ছিল ঝড়। বল হাতে সেরা মাশরাফি বিন মুর্তজা, সোহাগ-রাজ্জাকরাও সফল। কিন্তু স্কোরকার্ড যে সব সময় সত্যিটা বলে না! দাপটের প্রতিফলন মাঠের ক্রিকেটে কতটা ছিল?

ম্যানেজার ও নির্বাচক হাবিবুল বাশার ফোনে যা বললেন, তাতে স্কোরকার্ডকে বিশ্বাস করা যায়। গ্রেনাডা দল অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ নয়। এটি ক্যারিবিয়ানের শীর্ষ ক্রিকেট খেলুড়ে দ্বীপও নয়। তবু টিম ম্যানেজমেন্টের স্বস্তির জায়গাটা ব্যাখ্যা করলেন হাবিবুল, ‘প্রথমত আমরা যেভাবে জিতেছি। ব্যবধানটা বুঝিয়ে দিতে দাপুটে জয় প্রয়োজন ছিল। আর যেকোনো সফরে প্রথম ম্যাচ সব সময়ই কঠিন, তা প্রতিপক্ষ যেমনই হোক না কেন। গ্রেনাডা তো তাদের সেরা দলই খেলিয়েছে। আর প্রস্তুতি ম্যাচে ম্যাচের জয়-পরাজয় বা প্রতিপক্ষ কেমন, এসব গুরুত্বপূর্ণ নয়। নিজের প্রস্তুতি কেমন হলো, সেটাই আসল। এই ম্যাচের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট।’

স্বস্তিটা বেশি হওয়ার কথা তামিম আর মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে। দেশ ছাড়ার আগে প্রস্তুতি ম্যাচ দুটিতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তামিম। গা গরমে নিজেকে প্রস্তুত করার সেই ধারাবাহিকতা ধরে রাখলেন ক্যারিবিয়ানে গিয়েও। ১২ চার ও ২ ছয়ে ৮৬ বলে ৯১। মাহমুদউল্লাহ দুঃসময়ের রথের যাত্রী অনেক দিন। পরশু ৬১ বলে অপরাজিত ৭৮ করেছেন ৭ চার ও ৩ ছক্কায়। দুজনের ব্যাটিং দেখেই আশায় বুক বাঁধছেন হাবিবুল, ‘তামিম ওর সহজাত আক্রমণাত্মক ব্যাটিং করেছে। অনেক স্বাধীনতা নিয়ে খেলেছে। মাহমুদউল্লাহও শেষ দিকে যেমন ব্যাটিং করা উচিত, তেমন করেছে। দুজনই মনে হচ্ছে ছন্দ ফিরে পেয়েছে। আশা করি, মূল সিরিজেও এই ব্যাটিং ধরে রাখতে পারবে ওরা।’

শুরুর দিকে উইকেট খানিকটা স্যাঁতসেঁতে ছিল, সময়ের সঙ্গে তা ব্যাটিং উপযোগী হয়ে যায়। শেষ ১০ ওভারে ১১৪ রান তোলে বাংলাদেশ। গ্রেনাডার বোলিং লাইনআপে নেলন পাসকাল ছাড়া পরিচিত কোনো নাম ছিল না। ২ টেস্ট খেলা সেই পাসকালের ১০ ওভারেও ৭৬ রান নিয়েছেন তামিমরা। ব্যাটিংয়ে অবশ্য গ্রেনাডার ডেভন স্মিথ ও আন্দ্রে ফ্লেচার ছিলেন। মোহাম্মদ হাফিজের ‘বানি’ হয়ে জাতীয় দলে জায়গা হারানো বাঁহাতি স্মিথ আবারও আউট হয়েছেন নতুন বলে অফ স্পিনে। ইনিংসের দ্বিতীয় ওভারেই বোল্ড সোহাগ গাজীর বলে (৪)। দুটি করে চার-ছয়ে ২৯ রান করা ফ্লেচারকে বোল্ড করেছেন মাশরাফি। প্রথম স্পেলে উইকেট না পাওয়া মাশরাফি পরে নিয়েছেন আরও দুটি উইকেট। অভিজ্ঞ আবদুর রাজ্জাকের পারফরম্যান্সও আশা-জাগানিয়া।

এই প্রস্তুতির প্রতিফলন কতটা পড়বে মূল সিরিজে? দেখা যাবে আগামীকাল থেকেই। সেন্ট জর্জেস ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ৩২২/৬ (তামিম ৯১, মাহমুদউল্লাহ ৭৮*, মুশফিক ৪৪, শামসুর ৩২, এনামুল ২৪, নাসির ২২*, ইমরুল ১*, টমাস ২/৫৪, পাসকাল ২/৭৬); গ্রেনাডা: ৫০ ওভারে ২২৭/৯ (জর্জ ৬২, মাশরাফি ৩/৪৪, আল আমিন ২/৩৪, রাজ্জাক ২/৩৫, সোহাগ ১/২২, তাসকিন ১/৩২)।