প্রাইম ব্যাংককে টেনে তুললেন সাব্বির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাব্বির রহমান: ৬৬ বলে ৭৭ রান। ছবি প্রথম আলো।
সাব্বির রহমান: ৬৬ বলে ৭৭ রান। ছবি প্রথম আলো।

পয়েন্ট তালিকার যে চিত্র, তাতে শিরোপার আশা নেই প্রাইম ব্যাংক-মোহামেডান কোনো দলেরই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সুপার লিগে আজকের ম্যাচে তাই বাড়তি চাপ নেই কারও। এ কারণেই কিনা অতিরিক্ত শট খেলায় বেশি আগ্রহ দেখা গেল প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানদের। ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে ৪৮.৪ ওভারে ২৪৪ রানেই অলআউট তারা।

প্রাইম ব্যাংকের ব্যাটিংয়ে উজ্জ্বলতম নাম সাব্বির রহমান। যখন ব্যাটিং শুরু করলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান, ৭৯ রানে পড়ে গেছে দলের ৩ উইকেট। খানিকটা চাপ থাকলেও সাব্বির আগ্রাসী ব্যাটিংই করে ​গেলেন। হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন ৪১ বলে। ৩২তম ওভারে ফয়সাল হোসেনকে পরপর দুই বলে ওয়াইডিশ মিডঅন ও ডিপ মিড উইকেটের ওপর দিয়ে মারেন উড়িয়ে। নুরুল হাসানকে নিয়ে চতুর্থ উইকেটে ৪২ এবং পঞ্চম উইকেটে তাইবুর রহমানের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন সাব্বির।
সাব্বির যতক্ষণ ব্যাটিংয়ে ছিলেন বড় স্কোরের আশাই করছিল প্রাইম ব্যাংক। মোহামেডানের অফ স্পিনার হাবিবুর রহমানকে উড়িয়ে মারতে গিয়ে লংঅনে আরিফুল হকের ক্যাচ হওয়ার আগে সাব্বির করেছেন ৬৬ বলে ৭৭। ইনিংসটি সাজিয়েছিলেন ৭টি চার ও ৩ ছক্কায়। বাউন্ডারি থেকেই সাব্বির তুলেছেন ৪৬ রান।
নুরুল (৩১) ও তাইবুরও (১২) আউট হয়েছেন উড়িয়ে মারতে গিয়ে। থিতু হয়েও ব্যাটসম্যানরা উইকেট ছুড়ে আসায় ২৫০ পেরোনোর আগেই অলআউট প্রাইম ব্যাংক।
মোহামেডানের সামনে ২৪৫ রানের লক্ষ্যটা পাহাড়সম করে তুলতে দুর্দান্ত কিছুই করতে হবে প্রাইম ব্যাংকের বোলারদের।