প্রাথমিক দলে আবু হায়দার
বিপিএলের পর সপ্তাহ দুয়েকের বিরতি শেষে আবারও ব্যাটে-বলে শাণ দেওয়ার সময় হয়ে এল ক্রিকেটারদের। ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অনুশীলন ক্যাম্পের জন্য কাল ২৭ জনের প্রাথমিক দল দিয়েছে বিসিবি।
বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেট নিয়ে নজরকাড়া পেসার আবু হায়দার ঢুকেছেন প্রাথমিক দলে। জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন, সাকলাইন সজীব, নুরুল হাসানের মতো তরুণেরাও। অনেক দিন পর জাতীয় দলের অনুশীলনে দেখা যাবে জহুরুল ইসলামকেও। চোটের কারণে অবশ্য এই দলে নেই রুবেল হোসেন। এক মাসের পূর্ণ বিশ্রামে আছেন তিনি।
নতুন বছরের প্রথম কয়েক মাস টি-টোয়েন্টি ক্রিকেটেই ব্যস্ত থাকবে বাংলাদেশ দল। ২৭ জনের দল সেগুলোকে সামনে রেখেই। ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এসবের আগে অবশ্য আগামী মাসেই মাশরাফি বিন মুর্তজার দল ঘরের মাঠে খেলবে আরও একটা টি-টোয়েন্টির আসর। সেটা হতে পারে শুধু জিম্বাবুয়ের বিপক্ষে অথবা জিম্বাবুয়ের সঙ্গে তৃতীয় কোনো দল নিয়ে তিন জাতি সিরিজও।
অনুশীলন ক্যাম্পের দল: তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, আবু হায়দার, লিটন দাস, আল আমিন, এনামুল হক, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, কামরুল ইসলাম, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, নাসির হোসেন, সাকলাইন সজীব, নুরুল হাসান, সোহাগ গাজী, শুভাগত হোম।