প্রাথমিক লক্ষ্য দ্বিতীয় রাউন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি হাতে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কাল চট্টগ্রামের একটি হোটেলে l প্রথম আলো
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি হাতে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কাল চট্টগ্রামের একটি হোটেলে l প্রথম আলো

ট্রফিটা তাঁর সামনেই ছিল। সংবাদ সম্মেলনে একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন আর মাঝেমধ্যে তাকাচ্ছিলেন সেই ট্রফির দিকে। প্রশ্নোত্তর পর্ব শেষ হতেই মেহেদী হাসান মিরাজ একবার বিশ্বকাপটা হাতে নিয়েও দেখলেন। মুখে চওড়া হাসি। হোটেল র্যাডিসন ব্লুর নিচতলায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পানের সামনে দাঁড়িয়ে যখন ফটোসেশন চলছিল, বাংলাদেশ যুব অধিনায়কের সেই হাসি মিলিয়ে যায়নি। কে জানে ট্রফিটা বাংলাদেশেই রেখে দেওয়ার কথা ভাবছিলেন কি না!

যে ট্রফির কথা ভেবে মেহেদী হাসানের এই চোখেমুখে এই আনন্দ, সেটির লড়াইয়ে অবশ্য ধাপে ধাপে এগোতে চায় বাংলাদেশ। ২৭ জানুয়ারি থেকে মাঠে গড়ানো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। কাল র্যাডিসনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেহেদী জানিয়ে দিলেন তাঁর পরিকল্পনা, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য দ্বিতীয় রাউন্ড। তারপর ধাপে ধাপে এগোনো। দেশে বিশ্বকাপ বলেই সবার প্রত্যাশা অনেক বেশি। চ্যাম্পিয়ন হওয়ার কথা অবশ্যই মাথায় আছে। তবে সে জন্য ধাপে ধাপে এগোতে হবে।’

স্বাগতিক হওয়ায় চেনা কন্ডিশনের সুবিধা তো থাকছেই। সঙ্গে সাম্প্রতিক সিরিজগুলোর ফল বাংলাদেশের জন্য বাড়তি প্রেরণা হিসেবেও কাজ করবে বলে মনে করেন মেহেদী। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সদ্যসমাপ্ত সিরিজেই তো ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশের যুবারা। মেহেদীরও তাই প্রত্যাশা, ‘যেভাবে এগোচ্ছি, এই ছন্দটা ধরে রাখতে পারলে ভালো কিছু হবে।’

যুব বিশ্বকাপে কখনোই সেরা চারে থাকতে পারেনি বাংলাদেশ। পঞ্চম হয়েছিল ২০০৬ সালে। সংযুক্ত আরব আমিরাতে হওয়া সর্বশেষ টুর্নামেন্ট থেকেও নবম হয়ে ফিরেছে বাংলাদেশ। তবে এবার আগের বিশ্বকাপগুলোর ভুলগুলো নিয়েও কাজ করছে বাংলাদেশ দল। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার দেশের মাটিতে দারুণ কিছু করার ইচ্ছা বাংলাদেশ অধিনায়কের, ‘সিরিজে হেরে গেলে কামব্যাক করার সুযোগ থাকে। কিন্তু বিশ্বকাপে কামব্যাক করার সুযোগ কম। আমরা চেষ্টা করব বিগত বিশ্বকাপগুলোতে যে ভুলগুলো করেছি, তা যেন দেশের মাটিতে না করি।’