প্রাপ্তি ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর আরব আমিরাতের বিপক্ষে দারুণ এক জয়। এতে বাংলাদেশ খুঁজে পেল ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস।
এই স্বস্তির জয়ের মধ্যেই অস্বস্তির কাঁটা হয়ে বিঁধছে ব্যাটিং ব্যর্থতা। ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে ভালো না করার পেছনে দ্রুত উইকেট পড়ে যাওয়াকে দায়ী করেছিলেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। কিন্তু কাল দারুণ শুরুর পরও কেন দলের রানটা বড় হলো না?
মাশরাফিও মানলেন, দারুণ শুরুর পর ১৩৩ সন্তোষজনক স্কোর নয়। তবে অধিনায়কের আশা, সামনের ম্যাচগুলোয় এই সমস্যা কাটিয়ে উঠবে বাংলাদেশ, ‘অবশ্যই এর চেয়ে আরও ভালো করতে পারি। সর্বশেষ দুটি ম্যাচ বাদ দিলে যে কটি অনুশীলন ম্যাচ খেলেছি, প্রায় সবগুলোয় ১৫০ বা ১৬০-এর বেশি রান ছিল। এই টুর্নামেন্টে তা না করতে পারাটা দুর্ভাগ্যজনক। প্রথম ম্যাচের কথা বলতে চাই না। তবে আজ (কাল) ভালো জুটি হয়েছিল। অন্তত ১৫০ হওয়া উচিত ছিল। আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি। আশাবাদী, ঠিক সময়ে সবাই ক্লিক করবে।’
প্রশ্ন উঠেছে সাকিব আল হাসানের ব্যাটিং পজিশন নিয়েও। এই বাঁহাতি অলরাউন্ডার সাধারণত তিনে বা চারে ব্যাটিংয়ে অভ্যস্ত। কিন্তু জিম্বাবুয়ে সিরিজ থেকে সাকিব ব্যাটিং করছেন পাঁচে কিংবা ছয়ে। তাঁর পজিশনে ব্যাটিং করছেন সাব্বির রহমান। এই পরিবর্তনে সাকিব কতটুকু স্বচ্ছন্দ বোধ করছেন? মাশরাফি জানালেন, দলের প্রয়োজনেই ব্যাটিং অর্ডারে এই পরিবর্তন, ‘সাকিবের ব্যাপারটা হচ্ছে, তার ওই পজিশনে (পাঁচ-ছয়ে) একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের দরকার আছে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি দেখেন, ওখানে ব্যাটিং করেই ম্যাচ বের করে এনেছে। সে আগে তিন নম্বরে ব্যাটিং করে পারফর্ম করেছে। এখন সেখানে রুম্মন (সাব্বির) খেলছে এবং পারফর্ম করছে। দুজনের মধ্যে সাকিবের অভিজ্ঞতা একটু বেশি। তার জন্য একটু কঠিন হলেও দলের কথা ভেবেই ওখানে খেলছে।’
ব্যাটিং নিয়ে অস্বস্তি থাকলেও বাংলাদেশের জন্য বড় স্বস্তি মুস্তাফিজুর রহমানের স্বরূপে ফেরা। আমিরাতের বিপক্ষে দেখা মিলল বাঁহাতি পেসারের দুর্দান্ত সব কাটার। একবার তো হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন বাংলাদেশ দলের এই তরুণ তুর্কি। সেটি না হলেও ৪ ওভারে ১৩ রানে ২ উইকেট, মুস্তাফিজকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে। মাশরাফিও তৃপ্ত বাঁহাতি পেসারের পারফরম্যান্সে, ‘মুস্তাফিজ প্রতি ম্যাচেই ভালো খেলবে, এমন প্রত্যাশা করাও অস্বাভাবিক ব্যাপার। খারাপ-ভালো দুটো মিলেই ক্রিকেট। আগের
মাচে ভালো না করলেও আজ (কাল) করেছে, এটাই ওর মানসিক শক্তি। কাটার হোক বা না হোক, তার চেষ্টা ছিল ইতিবাচক।’
টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ কতটা ‘কার্যকর’, এ নিয়ে প্রশ্ন উঠেছে অনেক সময়। সেই মাহমুদউল্লাহ কালকের ম্যাচের নায়ক। মাশরাফি তাই বললেন, ‘রিয়াদ (মাহমুদউল্লাহ) সব সময়ই আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ও জানে ওর ভূমিকা কী। দল চাপে থাকলে সে ব্যাটিংয়ে যায়। ওখানে তার সেরাটা না খেললে দলের জন্য কঠিন হয়ে যায়। আজও (কাল) একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই চাপে সে রান করেছে। একই সময়ে বোলিংটাও ভালো হচ্ছে ওর। আশা করি ছন্দটা ধরে রাখবে।’
১ম
মাহমুদউল্লাহর বলে হিট উইকেট হয়েছেন আমজাদ জাভেদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম বাংলাদেশের বিপক্ষে হিট উইকেট হলেন কেউ।
৫১
রানের হিসাবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় বড় জয়। ৭১ রানের বড় জয়টি আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে পাওয়া।
৪৬
মিঠুন-সৌম্যর ৪৬ রান উদ্বোধনী জুটিতে সর্বশেষ ৯ ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ