প্রাপ্তি বলতে সাব্বিরের সেঞ্চুরি

মহীশুরের ভূতটাই ফিরে এল বেঙ্গালুরুতে। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার মূল্য দিয়ে মহীশুরে রঞ্জি চ্যাম্পিয়ন কর্ণাটকের বিপক্ষে তিন দিনের ম্যাচটা হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। এবার বেঙ্গালুরুতে ব্যাটিং বিপর্যয় হলো আরও ভয়াবহ, ৬ রানেই নেই প্রথম ৪ উইকেট। এই অবস্থা থেকেও মুমিনুলের দল যে প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ২২৮ রান করতে পারল সে জন্য কৃতিত্ব দিতে হবে সাব্বির, নাসির ও শুভাগতকে।
এই রানের ২১৬-ই করেছেন ওঁরা তিনজন। দুর্দান্ত এক সেঞ্চুরি করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সাব্বির। জবাবে শিখর ধাওয়ানের মারকাটারি সেঞ্চুরিতে ১ উইকেটে ১৬১ রান নিয়ে প্রথম দিনটা শেষ করেছে ভারত ‘এ’ দল।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারের প্রথম বলে। সফরের প্রথম পাঁচ ইনিংসে ৭৭ রান করা সৌম্য এবার ফিরলেন শূন্য রানে। বরুণ অ্যারনের ওভারটার শেষ বলে আউট অধিনায়ক মুমিনুল হকও। দুজনই আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটকিপার নমন ওঝাকে ক্যাচ দিয়ে। পরের ওভারে আলগা শট খেলে ঈশ্বর পান্ডেকে উইকেট উপহার দেন এনামুল হক। ষষ্ঠ ওভারে ফ্লিক করে মিড অনে ক্যাচ হন লিটন দাস।
সাব্বির-গাথা শুরু এরপরই। প্রথমে নাসির হোসেনকে নিয়ে ৪৪ রানের জুটি। জুটির দু-তৃতীয়াংশ রানই অবশ্য নাসিরের (৩২)। এরপর শুভাগত হোমের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৩২ রানের জুটি সাব্বিরের। কর্ণাটকের বিপক্ষে দুই ইনিংসে ফিফটি পাওয়া শুভাগত এবার করেছেন ৬২। শুভাগতর বিদায়ের পর সাকলাইন সজীবকে নিয়ে সপ্তম উইকেটে সাব্বিরের ৩৮ রানের জুটি। যাতে সাকলাইনের অবদান মাত্র ৪। এরপরই আরেকটি বিপর্যয়, আর তাতেই শেষ বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস। ২.৩ ওভারের মধ্যে ৮ রান তুলতেই শেষ ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ ‘এ’।
তবে আউট হননি সাব্বির। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরিটি করে ১২২ রানে অপরাজিত এই ডানহাতি ইনিংসটা সাজিয়েছেন দারুণ কিছু শটে। শর্ট বলে যেমন, তেমনি স্পিনারদেরও স্বাচ্ছন্দ্যে খেলে ২৩টি চার ও ১টি ছয় মেরেছেন সাব্বির।
গতকালের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে সাব্বির সর্বশেষ সেঞ্চুরিটি পেয়েছিলেন ২০১২ সালের ডিসেম্বরে। জাতীয় লিগে সিলেট বিভাগের বিপক্ষে রাজশাহীর সাব্বির করেছিলেন ক্যারিয়ার-সর্বোচ্চ ১৩৬ রান।
দিনের শেষ ভাগটা অবশ্য পুরোই ধাওয়ানময়। হাতে চোট পেয়ে শ্রীলঙ্কা সফর থেকে আগেভাগেই দেশে ফেরা ধাওয়ান দিন শেষে অপরাজিত ১১৬ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরি পাওয়া ধাওয়ানের ১১২ বলের ইনিংসটি সাজানো ১৬টি চার ও ২ ছয়ে।
দিনে বাংলাদেশের বোলারদের একমাত্র সাফল্য অভিনব মুকুন্দকে ফেরানো। ১৫৩ রানের প্রথম উইকেট জুটিতে মাত্র ৩৪ রান করা মুকুন্দকে বোল্ড করেছেন শুভাগত। এমনিতেই নির্বিষ বোলিংটা আরও বেশি নির্বিষ করে তুলেছে রুবেল হোসেনের চোট। মাত্র ২.৫ ওভার বল করে মাঠ ছেড়েছেন এই পেসার। খোলা হাতে রান বিলিয়েছেন দুই স্পিনার সাকলাইন সজীব ও জুবায়ের হোসেন। সাকলাইন ৮ ওভারে দিয়েছেন ৪৫ রান, জুবায়ের ৪ ওভারে ৩৫। তথ্যসূত্র: ক্রিকইনফো ও বিসিসিআই।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’: ৫২.৪ ওভারে ২২৮ (এনামুল ০, সৌম্য ০, মুমিনুল ২, লিটন ০, সাব্বির ১২২*, নাসির ৩২, শুভাগত ৬২, সাকলাইন ৪, শফিউল ০, রুবেল ০, জুবায়ের ০; পান্ডে ১/৪৮, অ্যারন ৪/৪৫, মিঠুন ১/৫১, জাদেজা ০/৩৫, জয়ন্ত যাদব ৪/২৮, শংকর ০/১৬)।
ভারত ‘এ’: ৩৩ ওভারে ১৬১/১ (মুকুন্দ ৩৪, ধাওয়ান ১১৬*, আয়ার ৬*; শফিউল ০/১০, রুবেল ০/১৬, সৌম্য ০/০, শুভাগত ১/৩৭, সাকলাইন ০/৪৫, জুবায়ের ০/৩৫, নাসির ০/১৪)।