প্রার্থনা কাজে লাগাতে পারেনি ভারত: শোয়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জয়ের জন্য কাল প্রার্থনা করছিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। ফাইল ছবি
ভারতের জয়ের জন্য কাল প্রার্থনা করছিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। ফাইল ছবি
গতকাল এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৩১ রানে হেরে যায় ভারত। এই হারে ভারতের সেমিফাইনাল নিয়ে শঙ্কা তৈরি হয়নি ঠিক, কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের সেমির স্বপ্ন ফিকে হয়ে গেছে। পুরো উপমহাদেশের সঙ্গে ভারতের জয়ের জন্য প্রার্থনায় বসেছিলেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। কিন্তু প্রার্থনা কাজে আসেনি!

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের হার দিয়ে বিশ্বকাপ ২০১৯ জমে উঠেছিল। কিন্তু কাল বিশ্বকাপ আবারও একপেশে হয়ে গেছে। ভারতীয় ব্যাটসম্যানদের বদান্যতায় পুরো উপমহাদেশের প্রার্থনা বিফলে গেছে। ম্যাচটি ইংল্যান্ড হারলেই বাংলাদেশ এবং পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্নে রং লাগত, কিন্তু তার বদলে উল্টো ধূসর হয়ে গেল ভারতের পরাজয়ে।

ম্যাচ জুড়ে নিজেদের ছায়া হয়ে থাকা ভারত ইংল্যান্ডের কাছে ৩১ রানে হেরে টুর্নামেন্টে প্রথম হারের মুখ দেখেছে। তবে প্রথমবারের মতো ভারতের সমর্থন করা শোয়েব আখতার ভারতীয় ব্যাটসম্যানদের ‘শম্বুক’ গতির আত্মসমর্পণ মেনে নিতে পারেননি।

ইংল্যান্ডের দেওয়া ৩৩৮ রানের লক্ষ্য মোটেই সহজ ছিল না। ভারতকে রান তাড়ার বিশ্ব রেকর্ড করেই জিততে হতো। রোহিত শর্মার সেঞ্চুরি এবং অধিনায়ক বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে জয়ের পথেই ছিল ভারত। কিন্তু এই দুটি উইকেট হারানোর পর ধোনি-যাদবরা যে ভঙ্গিতে ম্যাচের শেষটা সাজালেন, তা দেখে বিরক্ত ক্রিকেট বোদ্ধা থেকে সমর্থক সবাই। এই ম্যাচের আগেই বাসিত আলি এবং সিকান্দার বখতের মতো পাকিস্তানি সাবেক ক্রিকেটাররা ভারত স্বেচ্ছায় হারবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন।

শোয়েব আখতার অবশ্য ভারতের বিরুদ্ধে ইচ্ছে করে হারার অভিযোগ আনছেন না, ‘দেশভাগের পর এই প্রথম ভারতকে সমর্থন করলাম। আমি নিশ্চিত, ভারত সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তবুও পাকিস্তানকে সাহায্য করতে পারেনি। তবে এখনো পাকিস্তানের আশা আছে।’

ভারতের জয়ের জন্য উপমহাদেশীয় ক্রিকেট সমর্থকদের প্রার্থনা বিফলে গেছে বলেই মনে করেন শোয়েব। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে তিনি বলেন, ‘এবারই বোধ হয় প্রথমবারের মতো পাকিস্তানি, বাংলাদেশি, শ্রীলঙ্কানসহ উপমহাদেশের সবাই ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ের জন্য প্রার্থনা করেছিল। তবে ভারতের জয়ের জন্য সবার প্রার্থনা কাজে আসেনি।’