প্রায় জিতেই গেল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিফলে যায়নি জুলফিকার বাবরের এই আবেদন। এলবিডব্লু হয়ে গেলেন স্টিভেন স্মিথ l ক্রিকইনফো
বিফলে যায়নি জুলফিকার বাবরের এই আবেদন। এলবিডব্লু হয়ে গেলেন স্টিভেন স্মিথ l ক্রিকইনফো

ইউনিসের ডাবল সেঞ্চুরি, আজহার ও মিসবাহর সেঞ্চুরি। ৫৭০ রান করে পাকিস্তানের ইনিংস ঘোষণা। আবুধাবি টেস্টের প্রথম দুই দিনে উইকেটটা মরুদ্যানই বানিয়ে ফেলেছিলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। কিন্তু একই উইকেটে অস্ট্রেলীয়রা ব্যাট করতে নামতেই ভোজবাজির মতো পাল্টে গিয়ে সেটি ব্যাটসম্যানদের বধ্যভূমি। শেখ জায়েদ স্টেডিয়ামে কাল দ্বিতীয় দিনে ৯ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া অলআউট ২৬১ রানে। ফলোঅন না করিয়ে পাকিস্তান আবার ব্যাট করে ৬১ রান তুলে এগিয়ে গেছে ৩৭০ রানে। আর এতেই প্রায় নিশ্চিত ২০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়।
২ চার ও ১ ছক্কা। মিচেল জনসনের প্রথম ৫ বলেই ১৪ রান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ঝোড়ো সূচনা এনে আহমেদ শেহজাদ আউট হয়েছেন প্রথম ওভারের শেষ বলেই। তৃতীয় ওভারে জনসনের দ্বিতীয় শিকার মোহাম্মদ হাফিজ। এরপর ৪০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন আজহার-ইউনিস জুটি।
এর আগে অস্ট্রেলিয়ার ইনিংসে আলোর রেখা বলতে মিচেল মার্শ, মাইকেল ক্লার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং। ব্যাটিং অর্ডারের চারে ব্যাট করা ম্যাক্সওয়েল মাত্র ২৮ বলেই করেছেন ৩৭। ১১৬ বলে ৮৭ রান মার্শের। প্রথম টেস্টের দুই ইনিংসে মাত্র ২ ও ৩ রান করা অধিনায়ক ক্লার্ক আউট হয়েছেন ফিফটি থেকে ৩ রান দূরে থেকে। ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া ক্লার্ক বোল্ড হয়েছেন নবাগত পেসার ইমরান খানের দুর্দান্ত ইনসুইংয়ে।
দ্বিতীয় দিনে ক্রিস রজার্সকে ফেরানো ইমরান পরে মিচেল মার্শকে আউট করে নিয়েছেন তৃতীয় উইকেট। ৬০ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার ইমরানই। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন জুলফিকার বাবর, রাহাত আলী ও ইয়াসির শাহ। সিডলের উইকেটটি নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস মুড়ে দিয়েছেন হাফিজ। এএফপি।