প্রিমিয়ার লিগে '৭২ ঘণ্টার সময়সীমা'

প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে ৭২ ঘণ্টার দুটি সীমা বেঁধে দিয়েছে বিসিবি। একটি হলো খেলোয়াড়দের বকেয়া নিয়ে। যেসব ক্লাব এখন পর্যন্ত খেলোয়াড়দের ৬০ শতাংশ টাকা পরিশোধ করেনি, তাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেসব পাওনা শোধ করতে বলা হয়েছে। এ ছাড়া আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচের ভাগ্য নির্ধারণে গঠিত কমিটিকেও ঘটনা তদন্ত করে সভাপতির কাছে প্রতিবেদন দেওয়ার জন্য ৭২ ঘণ্টার সময় দেওয়া হয়েছে।
বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে আজ এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। ‘প্রিমিয়ার লিগের অনেক ক্লাব এখনো খেলোয়াড়দের টাকা দেয়নি। তাদের ৭২ ঘণ্টার সময় দেওয়া হলো। এই ৭২ ঘণ্টার মধ্যে যদি তারা বকেয়া শোধ না করে, তাহলে বিসিবি তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠিন শাস্তি নিশ্চিত করবে। সেটার জন্য কোনো দলকে বহিষ্কার করতে হলে তা–ই করা হবে’—বলেছেন নাজমুল হাসান।
এ ছাড়া আবাহনী-প্রাইম দোলেশ্বরের স্থগিত ম্যাচের জটিলতা নিরসনেও ৭২ ঘণ্টার সময় দিয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আম্পায়ার্স কমিটির প্রধান নাজমুল করিম, ডিসিপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল, বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান ও টেকনিক্যাল কমিটির সদস্য আতহার আলী খানকে নিয়ে গঠিত এই কমিটির কাজ সব পক্ষের সঙ্গে কথা বলে সভাপতির কাছে প্রতিবেদন দেওয়া।