প্রিমিয়ার ক্রিকেট লিগ পেছাতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা প্রিমিয়ার ক্রিকেট লিগ। কিন্তু প্রথম ঘোষিত তারিখে সিসিডিএমের লিগ শুরু করতে পারার নজির কমই আছে। এবারও সম্ভবত তারা সেটি পারছে না। চার-পাঁচ দিন পিছিয়ে লিগ শুরু হতে পারে আগামী ১০ অথবা ১১ এপ্রিল।
চট্টগ্রাম ও কক্সবাজারে অনুষ্ঠেয় ইমার্জিং টিমস এশিয়া কাপ শেষ হবে ৩ এপ্রিল। জাতীয় দলের শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার কথা ৭ এপ্রিল। সিসিডিএম সূত্রের তথ্য, লিগের শুরুতে জাতীয় দল এবং ইমার্জিং টিমস এশিয়া কাপে খেলা খেলোয়াড়দের দলে পেতে শীর্ষস্থানীয় দু-একটি ক্লাব লিগ পেছানোর কথা বলছে। সিদ্ধান্তটি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও মৌখিকভাবে দু-একটি ক্লাবকে জানানো হয়েছে।
ক্লাবগুলোর মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার প্রশ্ন, ‘বিসিবি সভাপতি কিছুদিন আগে বলেছিলেন, জাতীয় দলের খেলোয়াড়দের জন্য লিগ বন্ধ রাখা হবে না। জাতীয় দলের ব্যস্ততা থাকলে লিগ হবে তাদের ছাড়াই। এখন তাহলে লিগ পেছানোর কথা উঠছে কেন?’