প্রিমিয়ার ক্রিকেট লিগ ১০ অক্টোবর থেকে
‘প্লেয়ার বাই চয়েজ’ নামের অদ্ভুত নিয়মটি এবার নেই। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ফিরে আসছে পুরোনো দলবদল প্রথা। তবে এবার পুলের খেলোয়াড় এবং পুলের বাইরের খেলোয়াড়দের দলবদল হবে আলাদাভাবে।
সব ঠিকঠাক থাকলে ২০১৪-১৫ মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হবে আগামী ১০ অক্টোবর থেকে। তার আগে আগামী ১০ ও ১১ আগস্ট অনুষ্ঠিত হবে পুলের খেলোয়াড়দের দলবদল। পুলের বাইরের খেলোয়াড়দের দলবদল হবে ২৭ ও ২৮ আগস্ট। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সভাকক্ষে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে দলবদল।
বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী এবার পুলভুক্ত খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়া হবে একজন খেলোয়াড় যে কয়টি ম্যাচে অংশ নেবেন সে কয়টি ম্যাচের হিসাবে। বিসিবি এর মধ্যে পুলের ২৩ ক্রিকেটারের নামও পাঠিয়ে দিয়েছে ক্লাবগুলোয়। ব্যাটসম্যান ও স্পিনারদের রাখা হয়েছে ‘এ’ শ্রেণিতে ও পেস বোলারদের ‘বি’ শ্রেণিতে।
পুলভুক্ত ক্রিকেটাররা: ‘এ’ শ্রেণি: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, এনামুল হক, মুমিনুল হক, নাঈম ইসলাম, আবদুর রাজ্জাক, সোহাগ গাজী, জিয়াউর রহমান, শামসুর রহমান, আরাফাত সানি, ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন ও ইমরুল কায়েস। ‘বি’ শ্রেণি: মাশরাফি বিন মুর্তজা, রবিউল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন, আল আমিন ও তাসকিন আহমেদ।