প্রিমিয়ার লিগে কেমন করছেন ওঁরা
চূড়ান্ত সময়সীমা ৭ জানুয়ারি। কিন্তু সে পর্যন্ত অপেক্ষা করবে না ফারুক আহমেদের নির্বাচক কমিটি। ২০১৫ বিশ্বকাপের জন্য সংবাদ সম্মেলন করে ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করে দেবে দুই-তিন দিন আগেই। জাতীয় দলের তারকা ক্রিকেটাররা অবশ্য নির্বাচকদের স্বস্তির মধ্যেই রেখেছেন। জিম্বাবুয়ে সিরিজের পর প্রিমিয়ার ক্রিকেট লিগে যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, তাতেই সবাই চেষ্টা করেছেন নিজেদের মেলে ধরতে।
লিজেন্ডস অব রূপগঞ্জের তামিম ইকবালের কথাই ধরুন। জিম্বাবুয়ে সিরিজের পর ঊরুর চোটের কারণে মাঠের বাইরে থাকলেন কিছুদিন। ফেরার পর লিগে দুই ম্যাচ খেলে দুটিতেই পেয়েছেন রানের দেখা। ৫৯ গড়ে ১১৮ রান। প্রাইম দোলেশ্বরের মুশফিকুর রহিম চার ম্যাচে করেছেন ১৬০, এর মধ্যে আছে পারটেক্সের বিপক্ষে ৭০ রানের একটা ইনিংসও। এনামুল হক (বিজয়) তো চার ম্যাচ খেলে সেঞ্চুরিই পেয়ে গেছেন! তবে প্রথম ম্যাচে পারটেক্সের বিপক্ষে ওই সেঞ্চুরিটা পাওয়ার পর কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে বাকি ম্যাচগুলোয় নিষ্প্রভ ছিলেন টপ অর্ডার এই ব্যাটসম্যান।

লিজেন্ডস অব রূপগঞ্জের সাকিব আল হাসান চার ম্যাচ খেলে ব্যাট-বল দুটিতেই মোটামুটি সফল। বড় ইনিংস না খেললেও শেষ তিন ম্যাচের স্কোর (৪৯, ৩০ আর অপরাজিত ২৭) জানিয়ে দিচ্ছে ফর্মে বিরতি পড়েনি তাঁর। সঙ্গে বল হাতে ৮ উইকেট। বিশ্বসেরা টেস্ট ও টি-টোয়েন্টি অলরাউন্ডারের জন্য বিশ্বকাপের ‘অনুশীলন’ ম্যাচগুলো খুব একটা খারাপ কাটেনি।
সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেই এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সাব্বির রহমানের। অভিষেকে নজরকাড়া সাব্বির ঘরোয়া ক্রিকেটে ফর্ম ধরে রেখেছেন সিরিজের আগে-পরে মিলিয়েও। ছয় ম্যাচে ২৪৭ রান। কলাবাগান ক্রীড়াচক্রের শামসুর রহমানের কথা আলাদা করেই বলতে হবে। ১১ ম্যাচে ৪৩৯—৩০ জনের প্রাথমিক দলে থাকা জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। প্রিমিয়ার লিগের সেরা ব্যাটসম্যানদের তালিকায় শামসুর আছেন দ্বিতীয় স্থানে। ১১ ম্যাচে ৫৭৭ রান করে শীর্ষে থাকা আবাহনীর লিটন দাসও অবশ্য প্রাথমিক দলে আছেন।
বিশ্বকাপের দল নির্বাচনে প্রিমিয়ার লিগের পারফরম্যান্স গুরুত্ব পেলে নির্বাচকদের ভাবনায় জায়গা পেতে পারেন মোহামেডানের নাঈম ইসলামও। ১১ ম্যাচে ৪১১ রান করে লিগ পর্বে পঞ্চম সর্বোচ্চ রান তাঁর। সঙ্গে বল হাতে ১৩ উইকেটও কথা বলবে নাঈমের পারফরম্যান্সের পক্ষে। একই দলের মোহাম্মদ মিঠুনকেই বা পিছিয়ে রাখবেন কী করে! ১০ ম্যাচে ৩৪২ রান করে সেরা ব্যাটসম্যানদের তালিকায় ১২তম তিনি। তিন ম্যাচে ভিক্টোরিয়ার ইমরুল কায়েস করেছেন ১২০ রান।
জাতীয় দলের পেসারদের মধ্যে ১১ ম্যাচে জিয়াউর রহমান পেয়েছেন ১১ উইকেট, তাসকিন আহমেদ ছয় ম্যাচে ১২, মাশরাফি বিন মুর্তজা ছয় ম্যাচে ৮, আবুল হাসান আট ম্যাচে ৮ এবং আল আমিন হোসেন পাঁচ ম্যাচে ৭ উইকেট। উইকেটসংখ্যায় স্বাভাবিকভাবেই পেসারদের চেয়ে এগিয়ে স্পিনাররা। আট ম্যাচে আবদুর রাজ্জাকের উইকেট ১৬টি। সমান ম্যাচ খেলে তাইজুল ইসলাম ও আরাফাত সানির ১২টি করে।
সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে থাকা লিটন তবু ৩০ জনের প্রাথমিক দলে আছেন, ১১ ম্যাচে ২৭ উইকেট পেয়ে লিগ পর্বের সেরা বোলার ব্রাদার্সের বাঁহাতি স্পিনার আসিফ হাসান তো নির্বাচকদের চিন্তাতেই নেই। সেরা ১০ বোলারের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দলে থাকাদের মধ্যে আছেন কেবল ইলিয়াস সানি আর মোহাম্মদ শহীদ। প্রাইম দোলেশ্বরের ইলিয়াস ১১ ম্যাচে ২২ উইকেট নিয়ে সেরা বোলারদের মধ্যে আছেন তিনে। ১০ ম্যাচে ১৯ উইকেট নিয়ে এরপরই আছেন রূপগঞ্জের পেসার শহীদ।