প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না শাহাদাতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহাদাত হোসেন
শাহাদাত হোসেন

কাল সকালেও মিরপুরের একাডেমি মাঠে মোহামেডানের সঙ্গে অনুশীলন করেছেন। মোহামেডান আশা দিয়েছিল, বিসিবি অনুমতি দিলে প্রিমিয়ার লিগে তাদের হয়ে খেলতে পারবেন শাহাদাত হোসেন। কিন্তু সেটা আর হচ্ছে না। আদালত থেকে সুস্পষ্ট নির্দেশনা না পেলে শিশু গৃহপরিচারিকা নির্যাতনের দায়ে অভিযুক্ত এই পেসারকে লিগে খেলার অনুমতি দেবে না বিসিবি।
দুই মাস আট দিন জেল খেটে গত ১২ ডিসেম্বর থেকে জামিনে মুক্ত আছেন শাহাদাত। মিরপুর একাডেমি মাঠে চালিয়ে যাচ্ছেন অনুশীলন। ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগে খেলতে চেয়ে বিসিবির কাছে আবেদনও করেছেন। কিন্তু শৃঙ্খলা কমিটির সভা শেষে কাল তাঁকে দুঃসংবাদ শোনালেন কমিটির প্রধান আ জ ম নাছির উদ্দীন, ‘জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের আবেদন আমরা বিবেচনা করতে পারিনি। কারণ কিছু আইনি জটিলতা আছে।’
নির্যাতনের শিকার গৃহপরিচারিকার সঙ্গে সমঝোতা এবং আদালতের একটি নির্দেশনার কথা জানিয়ে শাহাদাত জাতীয় লিগ ও প্রিমিয়ার লিগে খেলার অনুমতি চেয়েছিলেন বলে জানান তিনি। কিন্তু আদালতের নির্দেশনা শৃঙ্খলা কমিটির কাছে ‘স্পষ্ট’ নয়। আ জ ম নাছির বলেছেন, ‘তিনি (শাহাদাত) জাতীয় লিগ এবং প্রিমিয়ার লিগে খেলার অনুমতির জন্য আদালতে আবেদন করেছিলেন। আদালত বলেছেন যেহেতু তিনি বিচারাধীন মামলায় অভিযুক্ত, ব্যক্তিগত বিষয়ে কোর্টের সিদ্ধান্ত চাওয়া নিষ্প্রয়োজন। আদালত সুস্পষ্ট নির্দেশনা দিলে বা সমঝোতা গ্রহণ করলে বিবেচনা করার সুযোগ ছিল। আমরা আদালত থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করব।’
কাল সন্ধ্যায় শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত শুনে শাহাদাত বেশ ভেঙেই পড়েছেন বলে মনে হলো। মুঠোফোনে হতাশ কণ্ঠে বলছিলেন, ‘আদালত বলেছেন জীবিকার জন্য আমি সবকিছু করতে পারব। সে হিসেবে খেলতে বাধা থাকার কথা নয়। সেই চিঠি আমি বোর্ডে দিয়েছি। এর বাইরেও বোর্ড যা যা কাগজপত্র চেয়েছে সবই দিয়েছি। তারপরও কপালে না থাকলে তো কিছু করার নেই...।’