প্রিয় দুই মাঠেই জয়াবর্ধনের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার ক্রিকেট এত পেয়েছে তাঁর কাছ থেকে, বিদায়টাকে স্মরণীয় করে রাখতে এটুকু করতেই পারত লঙ্কান বোর্ড। ঘরের মাঠ থেকে মাহেলা জয়াবর্ধনেকে বিদায়ের সুযোগ দিতে পাকিস্তান সিরিজের শেষ টেস্টের ভেন্যু সরিয়ে এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট। পি সারা ওভালের বদলে ম্যাচটি হবে এখন সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে। ক্যারিয়ারের শেষ দুই টেস্ট তাই সবচেয়ে প্রিয় দুই মাঠেই খেলতে পারবেন জয়াবর্ধনে।
পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট হবে গলে। এই দুই মাঠেই জয়াবর্ধনের রান এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ডের শীর্ষ দুইয়ে। দুই মাঠেই জয়াবর্ধনের বিদায়ী অনুষ্ঠান করবে বোর্ড। ১৪ জুলাই জয়াবর্ধনে জানিয়ে দেন, পাকিস্তান সিরিজ শেষেই বিদায় জানাবেন টেস্ট ক্রিকেটকে।৬ আগস্ট থেকে শুরু পাকিস্তান-শ্রীলঙ্কা গল টেস্ট, ১৪ আগস্ট থেকে এসএসসি টেস্ট। গত ওয়ার্ল্ড টি-টোয়েন্টি শেষে টি-টোয়েন্টিকেও বিদায় জানিয়েছেন জয়াবর্ধনে। ওয়ানডে খেলে যাবেন হয়তো আগামী বিশ্বকাপ পর্যন্ত। রয়টার্স, ক্রিকইনফো।