প্রিয় প্রতিপক্ষের সঙ্গে সাকিবের অপ্রিয় অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও ফিফটিতেই আটকা সাকিব। ছবি: রয়টার্স
আবারও ফিফটিতেই আটকা সাকিব। ছবি: রয়টার্স
>সাকিব আজ খেলতে নেমেছেন ২০০তম ওয়ানডে। যেভাবে শুরু করেছিলেন, ২০০তম ওয়ানডেতে ‘১০০’ করতেই পারতেন! সেটি হয়নি, সাকিব আবারও ফিরেছেন ফিফটি করে

দুদিন আগে সাকিব আল হাসানকে যখন বলা হলো, ‘নিউজিল্যান্ড তো আপনার প্রিয় প্রতিপক্ষ!’ কথাটা শুনে বেশ মজা পেলেন। বিশ্বসেরা অলরাউন্ডার আজ ব্যাটিং করে ‘মজা’ পাচ্ছিলেন উইকেটেও। কিউই বোলারদের এত স্বচ্ছন্দে খেলছিলেন, প্রতিটি স্কোরিং শট যেন ওভাল কাঁপিয়ে বলছিল—‘বুঝেছেন তো, নিউজিল্যান্ড কেন আমার প্রিয় প্রতিপক্ষ!’

পুল-ড্রাইভে মুগ্ধ করা সাকিব বিশ্বকাপে টানা দ্বিতীয় ফিফটি পেয়েও গেলেন। খেলতে নেমেছেন ২০০তম ওয়ানডে, বিশেষ ম্যাচটা আরও ভালোভাবে রাঙানোর লক্ষ্যে এগোচ্ছিলেন বলেই কি না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিফটি করার পর যতটা উচ্ছ্বসিত দেখা গিয়েছিল তাঁকে, আজ ততটা দেখাল না।

সেদিন ফিফটির পর চারদিকে ব্যাটিং ঘুরিয়ে ওভালের দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছিলেন। আজ ফিফটি উদ্‌যাপনে খুব একটা আগ্রহই দেখালেন না। ফিফটির আনন্দ তো পেয়েছেনই। এখন তাঁকে পেতে হবে বড় মঞ্চে একটি সেঞ্চুরির স্বাদ, যেটি পাননি গত তিন বিশ্বকাপেও। শুধু বিশ্বকাপ কেন, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে সেই কাব্যিক সেঞ্চুরির পর ওয়ানডেতে আর তিন অঙ্কের দেখাই পাননি বাঁহাতি অলরাউন্ডার।

তামিম ইকবাল ওপেনার বলে হয়তো তাঁর ‘ফিফটি’র চক্করে আটকে পড়া নিয়ে অনেক কথা হয়। কিন্তু সাকিবও যে নীরবে-নিভৃতে একজন ‘মিস্টার ফিফটি’ হয়ে যাচ্ছেন! এটা ঠিক, তাঁর যে ব্যাটিং অর্ডার, তাতে সেঞ্চুরি করার সম্ভাবনা তামিমের চেয়ে একটু কমই থাকবে। কিন্তু মিডল অর্ডারে খেলেই তো আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম তিন বছরে ১২ ফিফটির বিপরীতে চারটি সেঞ্চুরি পেয়েছেন। সেখানে গত ১০ বছরে ৩২ ফিফটির বিপরীতে এসেছে মাত্র ৩টি!

২০১৮ সালের জানুয়ারি থেকে ওয়ানডেতে বাংলাদেশ নম্বর ‘থ্রি’ পজিশনের সমাধান করেছে সাকিবকে দিয়ে। তিনে পদোন্নতি পেয়ে গড়টাও তাঁর বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। ওয়ানডেতে তাঁর গড় ৩৬.১৪, ২০১৮ থেকে হিসাব করলে সেটি ৪৮.৫। এই সময়ে ২০ ম্যাচে ৯ ফিফটিতে করেছেন ৭৭৬ রান। সেঞ্চুরি পাননি একটিও। ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তরের হার শূন্য! গত জুলাইয়ে গায়ানায় সুযোগ এসেছিল সেঞ্চুরি করার। কিন্তু ফিরেছিলেন ৯৭ রান করে। ৯ ফিফটির চারটিই আটকেছে ৬০-এর ঘরে গিয়ে। আজও সাকিব ফিরলেন ৬০-এর ঘরে গিয়েই (৬৪ রান)।

সাকিব যেহেতু ওয়ানডেতে তিনে নামছেন, দলকে ভালো স্কোর এনে দিতে তাঁর ইনিংসটা লম্বা করা খুবই জরুরি। তিনে নামা একজন ব্যাটসম্যানের ৬০-৭০ রানে আটকে যাওয়া মানে স্লগ ওভারের কাজটা নতুন ব্যাটসম্যানের জন্য রেখে আসা, যেটিতে ব্যর্থ হলেই ভালো স্কোর পাওয়া খুব কঠিন।

আইসিসির টুর্নামেন্টে একমাত্র সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকাপে একবারই ৪ উইকেট পাওয়া—দুটিই নিউজিল্যান্ডের বিপক্ষে। শুধু ওয়ানডেতেই নয়, টেস্টে সাকিবের সর্বোচ্চ ২১৭ রান, সেরা বোলিং—৩৬ রানে ৭ উইকেট, সবই কিউইদের বিপক্ষে। যে দলটার বিপক্ষে ধারাবাহিক দ্যুতি ছড়ান, তাদের সঙ্গেই গত ফেব্রুয়ারিতে খেলতে পারেননি সফরের আগ মুহূর্তে পাওয়া আঙুলের চোটে। উইলিয়ামসনদের কাছে সতীর্থদের ধবলধোলাই হওয়ার দৃশ্য অসহায় চোখে দেখেছেন ঢাকায় বসে। সেই নিউজিল্যান্ডকে আজ পেয়ে যেন কিছু হিসাব-নিকাশ চোকাতে চেয়েছিলেন সাকিব।

সবই ঠিকঠাক হচ্ছিল। কিন্তু ‘প্রিয়’ প্রতিপক্ষের সঙ্গেও আটকে পড়লেন ‘অপ্রিয়’ ফিফটির চক্করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচসেরা হওয়ার পর বলছিলেন, টুর্নামেন্টের শুরুটা ভালো হয়েছে, শেষটাও ভালো করতে চান। তাঁর ব্যাটিংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, শুরুটা ভালো হচ্ছে, সাকিবের কাজ এখন ইনিংসটার ভালো পরিণতি দেওয়া।