প্রিয় মাঠে মুমিনুল

প্রথমে কামরুল ইসলাম, পরে শফিউল ইসলাম। এক এক করে ড্রেসিংরুম থেকে বেরিয়ে এলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম...দলের সবাই। সবার শেষে মুমিনুল হক। তা শেষে কেন? ‘আমি তো শেষেই থাকি!’—মুমিনুলের রসিকতা। কিন্তু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং রেকর্ডে তিনিই সবচেয়ে এগিয়ে। ১৭ টেস্টে যে চারটি সেঞ্চুরি করেছেন, তার তিনটিই এই মাঠে। জহুর আহমেদে ৪ টেস্টে তাঁর রান ৫০১। গড়? চোখ কপালে উঠবে—১২৫.২৫! জহুর আহমেদ যে তাঁর ‘প্রিয়’ মাঠ, বলতে কোনো অসুবিধা নেই। এই মাঠে সেঞ্চুরি কটা মনে আছে তো? ‘তিনটা’—একটুও না ভেবে মুমিনুলের উত্তর। উজ্জ্বল স্মৃতি যে সহজেই হারায় না। ফ্লাশব্যাকে দেখে নিই মুমিনুলের সেঞ্চুরিগাথা।
১৮১ প্রতিপক্ষ নিউজিল্যান্ড (অক্টোবর ২০১৩)
নিউজিল্যান্ডের ৪৬৯ রানের বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। চাপটা আরও বেড়ে যায় ৮ রানে দুই ওপেনার ফিরে যাওয়ায়। এমন চাপেই মুমিনুল খেললেন ১৮১ রানের দুর্দান্ত এক ইনিংস। ৬ ঘণ্টা ১৭ মিনিট উইকেটে থেকে পাল্টেই দিলেন ম্যাচের গতিপথ। চোখকে প্রশান্তি দেওয়া সব ড্রাইভ, শৌর্যে ভরা পুল আর অদম্য মনোভাবে একেকটি লফটেড শট—নামের পাশে ২৭টি বাউন্ডারি। মন্থর উইকেটে নিখুঁত টাইমিংয়ে মুগ্ধতা ছড়ানো ইনিংসের সেরা বিজ্ঞাপন। এমন ইনিংসের পরও নাকি হতাশ ছিলেন মুমিনুল! কেন? ১৯ রানের জন্য ডাবল সেঞ্চুরিটা যে হাতছাড়া হয়েছে!
১০০* প্রতিপক্ষ শ্রীলঙ্কা (ফেব্রুয়ারি ২০১৪)
চতুর্থ দিনের শেষ সেশনে শ্রীলঙ্কা ৪৬৭ রানের বিশাল এক লক্ষ্য দিয়েছে। শেষ দিনে অসম্ভব এই লক্ষ্য তাড়া করা বাংলাদেশের কাছে এভারেস্ট ডিঙানোর সমান। ম্যাচটা ড্র করাই হবে জয়ের সমান—এ লক্ষ্যেই এগোতে চেয়েছে বাংলাদেশ। ৮১ রানেই দুই ওপেনার ফিরে যাওয়ায় দল তখন বেশ চাপে। তখনই উইকেটে দাঁড়িয়ে গেলেন চাপকে জয় করতে পারঙ্গম মুমিনুল। তাঁর লড়াকু ব্যাটিংয়ে ম্যাচটা বাঁচিয়ে ফেলে বাংলাদেশ, নিজেও পান তিন অঙ্কের দেখা।
১৩১* প্রতিপক্ষ জিম্বাবুয়ে (নভেম্বর ২০১৪)
প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ল বাংলাদেশ। তবে মুমিনুল আউট হন ৪৮ রানে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্করণে নিজেকে যেভাবে চিনিয়েছেন, তাতে অবশ্য এই রানে তৃপ্ত হওয়ার কথা নয় মুমিনুলের! সেই অতৃপ্তি ঘোচালেন দ্বিতীয় ইনিংসে। খেললেন ১৩১ রানের ঝলমলে ইনিংস। জিম্বাবুয়ের বোলাররা অবশ্য মুমিনুলকে আউটই করতে পারেননি। পরে জানিয়েছিলেন, এই সেঞ্চুরিটা তাঁর বোনের জন্য উপহার!
যেটিকে এগিয়ে রাখছেন
কাল বিকেলে বাংলাদেশ অনুশীলন করল প্রায় তিন ঘণ্টা। মুমিনুল একাই ব্যাটিং করলেন প্রায় আড়াই ঘণ্টা। অবশ্য নেটে তাঁর ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া নতুন নয়। অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফিরতে ফিরতেই বললেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে রানটা সর্বোচ্চ হলেও এগিয়ে থাকবে শ্রীলঙ্কার সঙ্গে সেঞ্চুরিটাই। অনেক চাপ ছিল সেদিন। ম্যাচটা ড্র করতে পেরেছিলাম আমরা।’
টেস্টে মুমিনুল যে কয়েকবার সেঞ্চুরি করেছেন, কোনোটিতেই হারেনি দল। ইংল্যান্ডের বিপক্ষেও তাঁকে চেনা রূপে দেখা গেলে বাংলাদেশকে নিশ্চয়ই হতাশায় ডুবতে হবে না।