
নালন্দা কলেজের হয়ে রানবন্যা ছোটাচ্ছিলেন স্কুল ক্রিকেটে। ১৮ বছর বয়সী ওই তরুণ প্রতিভাকে ১৯৯৫ সালে দলে ভেড়াল সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি)। সেই শুরু, এই মাঠে তাঁর প্রায় ২০ বছরের বিচরণ। মাঠের প্রতিটি ইঞ্চি পেয়েছে তাঁর ছোঁয়া, প্রতিটি ঘাসের সঙ্গে তাঁর পরিচয়। সবচেয়ে বেশি সখ্য উইকেটের সঙ্গে। এসএসসির ২২ গজ আর মাহেলা জয়াবর্ধনের সম্পর্ক ক্রিকেটের সবচেয়ে রোমান্টিক গল্পগুলোর একটি। বিচ্ছেদের আগেও সম্পর্কের উষ্ণতা যেন ঠিক সব সময়ের মতোই!
শেষের ক্ষণগণনা শুরু হয়ে গেছে, সাদা পোশাকে জয়াবর্ধনের প্রতিটি মুহূর্তই এখন শেষের কিছু ক্ষণ। তাঁকে সম্মান জানাতে ক্যারিয়ারের শেষ টেস্টের ভেন্যু সরিয়ে এই এসএসসিতে নিয়ে এসেছে লঙ্কান বোর্ড। এই টেস্ট তাই প্রিয় মাঠে তাঁর শেষের আগে শেষ। এসএসসির প্রথম দিনে টস হেরে ৫ উইকেট নেওয়াকে খুব খারাপ বলা যায় না। তার পরও দিনটি দক্ষিণ আফ্রিকার নয় ওই জয়াবর্ধনের কারণেই। দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন, সবচেয়ে বড় কথা দিন শেষে অপরাজিত। ৩৭৪, ২৪২, ১৯৫ রানের দারুণ সব ইনিংস খেলেছেন যে মাঠে, সেই মাঠে আজ আবারও নামবেন বড় কিছুর আশায়।
সর্বশেষ (২০০৬) যখন এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছিলেন, জয়াবর্ধনে উইকেটে ছিলেন প্রায় ১৩ ঘণ্টা। ৩৭৪ রানের যে ইনিংসটি খেলেছিলেন, এখনো তা টেস্ট ইতিহাসে ডানহাতি ব্যাটসম্যানের সর্বোচ্চ। ওই ম্যাচে খেলা আমলা-ডি ভিলিয়ার্স-স্টেইন দক্ষিণ আফ্রিকার এই দলেও আছেন। জয়াবর্ধনের কালকের ব্যাটিংয়ে ৮ বছর আগের স্মৃতি মনে পড়তেই পারে তাঁদের! অবশ্য ওই ইনিংসেই ৬২৪ রানের বিশ্ব রেকর্ড জুটি গড়েছিলেন যাঁকে নিয়ে, সেই সাঙ্গাকারার সঙ্গে কাল দেখাই হলো না উইকেটে। অদ্ভুতুড়ে এক শটে লঙ্কান রানমেশিন আউট প্রথম বলেই! ওয়ানডে সিরিজ আর গল টেস্ট মিলিয়ে তিনবার সাঙ্গাকারে শর্ট বলে আউট করা স্টেইন কাল প্রথম বলেই দিলেন আরেকটি বাউন্সার। সাঙ্গাকারাও ফাঁদে পা দিয়ে দৃষ্টিকটু এক হুক খেলে ক্যাচ!
আগের বলেই আরেকটি শর্ট বলে আরও দৃষ্টিকটুভাবে আউট হয়েছিলেন উপুল থারাঙ্গা। টস জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের মনে তখন নিশ্চয়ই উঁকি দিচ্ছে গলের দুঃসহ স্মৃতি। কিন্তু নিজের মাঠে কি আর গল দুঃস্বপ্ন ফিরে আসতে দেবেন জয়াবর্ধনে! শুরু থেকেই এমন ব্যাটিং করতে থাকলেন যেন এখানে ব্যাটিং করছেন অনন্তকাল ধরে। চাপ-টাপ কোথায় উড়ে গেল! ৯৯ রানের তৃতীয় উইকেট জুটির পর উইকেট উপহার দিয়ে আসেন কৌশল সিলভা। চতুর্থ উইকেটে অধিনায়ক ম্যাথুসকে নিয়ে জয়াবর্ধনের জুটি ১২৯ রানের। থিরিমান্নের বদলে দলে ঢোকা ভিতানাগে ফিরে গেছেন থিরিমান্নেকে মনে করিয়ে দিয়েই। অভিষিক্ত নিরোশান ডিকভেলা টিকে গেছেন শেষ বিকেল। আর এই মাঠে রেকর্ড একাদশ সেঞ্চুরি করে অপরাজিত জয়াবর্ধনে, এ মাঠে মোট রান হতে চলেছে তাঁর ৩ হাজার (২৮৩৮)।
শুরুর ওই ২ উইকেট পাওয়াকে বিবেচনায় নিলে দিন শেষে হতাশই হয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা। এসএসসির উইকেট বিবেচনায় পেসত্রয়ী খারাপ করেননি, কিন্তু আরও একবার দলকে চরম হতাশ করেছেন লেগ স্পিনার ইমরান তাহির। টেন ক্রিকেট, ক্রিকইনফো।