প্রীতিভোজে প্রীতির বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে সাকিব আল হাসান ও রায়ান টেন ডেসকাট l দ্য টেলিগ্রাফের সৌজন্যে
পরশু কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে সাকিব আল হাসান ও রায়ান টেন ডেসকাট l দ্য টেলিগ্রাফের সৌজন্যে

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলকে তিন দিনের তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের ছেলেরা। পরশু রাতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ এই দলের সম্মানে প্রীতিভোজ আয়োজন করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়া। এন শ্রীনিবাসনের সঙ্গে আ হ ম মুস্তফা কামালের দ্বন্দ্বে দুই দেশের ক্রিকেট সম্পর্কে টানাপোড়েন শুরু হতে পারে বলে ভাবছিলেন অনেকে। তবে বাংলাদেশ যুবদলকে প্রীতিভোজে আপ্যায়িত করে ডালমিয়া বুঝিয়ে দিলেন, তাঁর দিক থেকে বন্ধুত্বের হাত বাড়ানোই থাকছে।
যে যুব ক্রিকেটারদের জন্য ডালমিয়ার প্রীতিভোজ, তাদের অনেকের কাছেই সাকিব আল হাসান স্বপ্নের নায়ক। ভবিষ্যতে সাকিব হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে উঠছে কেউ কেউ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাওয়া সাকিবের সঙ্গে পশ্চিমবঙ্গ সফররত বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের দেখা হয়েছে সাকিবের। ইডেনে নাইট রাইডার্সের হয়ে অনুশীলনের সময় সাকিব গিয়েছিলেন অনূর্ধ্ব-১৭ দলের অনুশীলনে। তাঁকে পেয়ে কিশোর খেলোয়াড়েরা তো উচ্ছ্বসিত। এই সাক্ষাৎটা তাদের অনুপ্রাণিত করবে বলেই মনে করেন অনূর্ধ্ব-১৭ দলটির কোচ মোহাম্মদ আবদুল করিমও, ‘সাকিব এই খেলোয়াড়দের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে। নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেছে তাদের সঙ্গে। সে ছেলেদের কিছু পরামর্শও দিয়েছে। এই বয়সী খেলোয়াড়দের যে রকম পরামর্শ দরকার হয়।’
আজকের বিশ্বসেরা অলরাউন্ডার একসময় নিজেও অংশ ছিলেন এ রকম বয়সভিত্তিক দলের। শুধু সাকিব নন, মুশফিকুর রাহিম, এনামুল হক, তাসকিন আহমেদ ও সৌম্য সরকারও একসময় অনূর্ধ্ব-১৭ দলের হয়ে পশ্চিমবঙ্গ সফর করেছেন। সেখান থেকে জাতীয় দল পর্যন্ত পথটুকু পাড়ি দেওয়ার মন্ত্রটাও উত্তরসূরিদের বাতলে দিয়েছেন সাকিব। আবদুল করিমের ভাষায়, ‘সে ছেলেদের বলেছে ক্রিকেটে সর্বোচ্চ মনোযোগ দিতে। কারণ মনোযোগটা সরে গেলে খুব একটা উন্নতি করা যায় না। ছেলেরা তার সঙ্গে কথা বলে খুবই অনুপ্রাণিত।’ সূত্র: দ্য টেলিগ্রাফ ও এনডিটিভি।