প্রেম বড়, না নিয়ম বড়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমিকা আনুশকার সঙ্গে দেখা করে নতুন বিতর্কে কোহলি। ফাইল ছবি
প্রেমিকা আনুশকার সঙ্গে দেখা করে নতুন বিতর্কে কোহলি। ফাইল ছবি

প্রেম যে মানে না বাধা! বিরাট কোহলি-আনুশকা শর্মাও নিয়ম না মানার সেই দলে পড়বেন। এ কারণেই হয়তো হৃদয়ের টানে নিয়মের বেড়াজাল টপকে একে অপরের সঙ্গে দেখা করেছেন। তবে ভুলে গিয়েছিলেন, বৃন্দাবন নয়; এটা চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিআইপি বক্স!
যেহেতু সরাসরি দেখানো হয়েছে ম্যাচটা, দুজনের অভিসার ‘লাইভ’ দেখেছে অযুত-নিযুত চোখ! তা না হয় দেখল। কিন্তু গোলটা বেঁধেছে অন্যখানে। নিয়ম অনুযায়ী, খেলা চলার সময় ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কোনো খেলোয়াড় অনুমোদিত ব্যক্তিদের ছাড়া কারও সঙ্গে দেখা করতে পারবেন না। আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের (আকসু) এই নিয়ম আইপিএলেও বহাল রেখেছে বিসিসিআই। কদিন আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি সে নিয়মকে থোড়াই কেয়ার করে ‘বৃষ্টি-বিরতি’তে ভিআইপি বক্সে গিয়ে দেখা করেছিলেন প্রেমিকা আনুশকার সঙ্গে।
বিষয়টিকে বলবেন গুরুতর নয়। স্রেফ প্রেমিকার সঙ্গেই তো দেখা করতে যাওয়া। একটু না হয় নিয়মের ব্যত্যয় ঘটলই। কিন্তু আবার গুরুতরও। ম্যাচে স্পট ফিক্সিং রোধ করতেই এই নিয়​ম। যে নিয়ম ভাঙার অপরাধে শাস্তি পাওয়ার কথা। কিন্তু কোহলিকে কোনো শাস্তি দেয়নি আইপিএল কর্তৃপক্ষ। এই প্রশ্নটা তাই উঠছে, প্রেম বড়, নাকি নিয়ম?
আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা কোহলিকে আগলেই রেখেছিলেন এ ঘটনায়। জানিয়েছিলেন, কোহলিকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে, ‘বিরাটকে নোটিশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি দুর্নীতি দমন ব্যুরো (এসিবি) মনে করে সে ভুল করেছে, তাহলে তারা নিজেদের মতো ব্যবস্থা নিতে পারে। কৌশলগতভাবে অবশ্য তারা তা করতে পারে না। আর যেহেতু এসিবি বিসিসিআইকে কোনো রিপোর্ট করেনি, তবে আমরা কেন বিরাটকে নোটিশ দেব? তবে আমি তাকে বলব নিয়ম মেনে চলতে। তা ছাড়া আনুশকা তো বাইরের কেউ ছিল না। তবে তার এ ধরনের পরিস্থিতি এড়িয়ে চলা উচিত।’

বিষয়টি ভালোভাবে হজম করতে পারেনি অনেকেই। স্বাভাবিকভাবেই ব্যাখ্যা দিতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও (বিসিসিআই)। বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর জানিয়েছেন, আকসুর সব নিয়মই অনুসরণ করা হয়েছে। খেলোয়াড়ের (কোহলি) কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। খেলার ঊর্ধ্বে কেউ নয়। তথ্যসূত্র: জিনিউজ।