প্রেমে ডুবছেন কোহলি, ভাসছেন রায়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলির ব্যাটে রান নেই (বাঁয়ে)। সেঞ্চুরির পর রায়না (ডানে)। ছবি: এএফপি
কোহলির ব্যাটে রান নেই (বাঁয়ে)। সেঞ্চুরির পর রায়না (ডানে)। ছবি: এএফপি

‘কেউ ভালোবেসে যায় সপ্তম স্বর্গে। কেউ সোজা পৌঁছায় মেডিকেল মর্গে। কেউ ভালোবেসে জয় করে গোটা বিশ্ব। কেউ ভালোবেসে হয় বাবাজির শিষ্য।’ ‘প্রেম-মুদ্রা’র দুটি পিঠ দেখতে চাইলে দেখে নিন বিরাট কোহলি ও সুরেশ রায়নাকে। একজন প্রেমসাগরে হাবুডুবু খেয়ে আর উঠতেই পারছেন না। আরেকজন প্রেমসাগরে নাও ভাসিয়ে দিব্যি এগিয়ে যাচ্ছেন!

বলিউড তারকা আনুশকা শর্মার সঙ্গে হূদয়ের লেনদেনের গুঞ্জন যত জোরালো হচ্ছে, কোহলির ফর্ম তত পড়তির দিকে। অন্যদিকে আরেক ভারতীয় চলচ্চিত্র তারকা শ্রুতি হাসানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন যত বাড়ছে, রায়নার ফর্ম ততই ঊর্ধ্বমুখ! অবশ্য কোহলি-আনুশকার প্রেমের শুরুর দিনগুলোর মতো রায়না-শ্রুতিও সম্পর্কটা চেপে রাখার জোর চেষ্টা করছেন।

ইংল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে কোহলির ফর্ম বিস্মরণযোগ্য। ১০ ইনিংসে ভারতীয় ‘ব্যাটিং সেনশেসনে’র  রান—১, ৮, ২৫, ০, ৩৯, ২৮, ০, ৭, ৬ ও ২০। সর্বোচ্চ ৩৯। শূন্য রানে ফিরেছেন দুবার। টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও একই অবস্থা। আজ ফিরেছেন কোনো রান না করেই। দলের অন্য ব্যাটসম্যানরা যেখানে ‘বহুদিন’ পর রানে ফিরেছেন, সেখানে কোহলি টিকলেন মাত্র ৩ বল!

ইংলিশ পেসারদের গতিময় সর্পিল সুইংয়ে নাকাল কোহলির ব্যাটিং নিয়ে প্রশ্ন তো উঠছেই, একই সঙ্গে প্রশ্ন উঠেছে দলীয় শৃঙ্খলার প্রতি আত্মনিবেদন নিয়েও। ভারতের অনেক সাবেক ক্রিকেটার বলেছেন, ‘কোহলি নিজেই জানে না ওর অফস্টাম্পটা কোথায়’!  মাঠে যখন কোহলির আরও বেশি মনোযোগ দাবি করছিল তার ফর্ম, সেই সময় কোহলি নাকি মাঠের বাইরে প্রেমে মত্ত। শুধু তা-ই নয়, সিরিজের শুরুতে বেশ লম্বা সময় ধরে কোহলির সঙ্গে একই হোটেলকক্ষে রাত্রি যাপন করেছেন আনুশকা।

ঠিক মুদ্রার উল্টো পিঠ রায়নার ক্ষেত্রে। ভারতের সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, শ্রুতির সঙ্গে সম্পর্কে জড়ানোর পর নাকি ব্যাটে ধার বেড়েছে রায়নার। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে রান পেয়েছেন এ বাঁ-হাতি। এরই পুরস্কার হিসেবে জুনে বাংলাদেশ সফরে অধিনায়কত্ব পেলেন।

টেস্ট সিরিজে ঠাঁই না পেলেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরেই মাত! আজ কার্ডিফে ৭৫ বলে পেয়েছেন দারুণ এক সেঞ্চুরি। দলীয় ১৯ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফিরে দলকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন কোহলি। সেখান থেকে মূলত রায়নার সেঞ্চুরির কারণেই চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে ভারত। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে তুলেছেন ১৪৪ রান। রায়নার দিনে ফিফটি পেয়েছেন রোহিত শর্মা ও ধোনি। দুজনই করেছেন ৫২। নির্ধারিত ৫০ ওভারে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩০৪। ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ক্রিস ওকস। নিয়েছেন ৪ উইকেট।