প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন রবি শাস্ত্রী

>বলিউড অভিনেত্রী নিমরত কাউরের সঙ্গে রবি শাস্ত্রীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। ইংল্যান্ডের কাছে ৩-১ সিরিজ হারের মধ্যে ব্যক্তিজীবন নিয়ে এমন খবরে মুম্বাইয়ের দৈনিকের বিরুদ্ধে ক্ষোভই প্রকাশ করেছেন শাস্ত্রী।
ভারতীয় ক্রিকেট আর বলিউডের সংযোগ নতুন নয়। সেই সংযোগ ধরে যুগে যুগে কত সম্পর্ক তৈরি হয়েছে আর ভেঙেছে। ক্রিকেট-সংশ্লিষ্ট কারও প্রেমে পড়েছেন বলিউডের কোনো অভিনেত্রী, এই তালিকায় সবশেষ যে নামটি এসেছে নিমরাত কৌর। গুঞ্জন বেরিয়েছে লাঞ্চবক্স-খ্যাত এই নায়িকার সঙ্গে না কি রবি শাস্ত্রী প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। ভারতীয় কোচ অবশ্য উড়িয়ে দিয়েছেন এই গুঞ্জন।
২০১৫ সাল থেকে একটি বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ির শুভেচ্ছাদূত শাস্ত্রী ও নিমরত। স্বাভাবিকভাবেই সেই গাড়ির প্রচারণার কাজে বছরের নির্দিষ্ট সময়ে এক হতে হয় দুজনকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাঁরা পরিচিত হয়েছেন দুজনেরই এক বন্ধুর মাধ্যমে। কবে, কোথায় প্রেমপর্ব শুরু হয়েছে তা অবশ্য জানা যায়নি। দুজনই নাকি নিজেদের ব্যস্ততার ফাঁকে সময় বের করে দেখা করছেন। দুই বছর ধরে দুজনের সম্পর্ক আছে বলেই দাবি ভারতীয় সংবাদমাধ্যমের। তবে টুইট বার্তায় এটিকে শুধুই গুঞ্জন বলেছেন নিমরত। চারদিকে যা ছড়াচ্ছে সেটিকে তিনি ‘কল্পকাহিনি’ বলতে চান।
এই মুহূর্তে ইংল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে আছেন শাস্ত্রী। কদিন আগে পাঁচ টেস্টের সিরিজ হেরেছে ভারত। এর মধ্যে কোচের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার মধ্যে পড়েছেন শাস্ত্রী। স্বাভাবিকভাবে বেজায় চটেছেন ভারতীয় কোচ। ইংল্যান্ডের কাছে ৩-১ সিরিজ হারের মধ্যে ব্যক্তিজীবন নিয়ে নানা কানাঘুষা নিয়ে মুম্বাইয়ের এক দৈনিককে কড়া প্রতিক্রিয়া প্রকাশ করেছেন শাস্ত্রী, ‘গোবর নিয়ে আর কথা বলার আছে? আমি যখন বলছি গোবর, এতেই বুঝে নিন।’