প্রেমের বাধা সরাতে অন্যকে জঙ্গি সাজিয়েছিলেন উসমান খাজার ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোটভাই উসমান খাজার সঙ্গে আরসালান খাজা (বাঁয়ে)।
ছবি: ফেসবুক

প্রেমের জন্য মানুষ কত কিছুই করে। বড় পর্দায় তো হরহামেশাই মারামারি করে বসেন প্রেমিক পুরুষেরা। তবে পছন্দের নারীর মন পেতে প্রতিদ্বন্দ্বীকে ‘জঙ্গি’ বানিয়ে দেওয়ার ব্যাপারটি যদি কোনো সিনেমায় দেখানো হতো, তাহলে হয়তো  ‘সস্তা প্লট’ হিসেবে ভেবে নিতেন সবাই। কিন্তু প্রেমিক পুরুষ আরসালান খাজা সেটিই করেছেন।

আরসালানকে চেনানোর সহজ উপায়, এই ব্যক্তি অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খাজার ভাই। অবশ্য ভাইয়ের পরিচয়েই আর তাঁকে পরিচিত হতে হবে না। পাকিস্তানি বংশোদ্ভূত আরসালান যে এখন অন্যকে জঙ্গি বানিয়ে ফাঁসানোর ব্যর্থ চেষ্টা করেই বিখ্যাত হয়ে গেছেন।

অস্ট্রেলিয়ান সংবাদপত্র জানিয়েছে, অন্যকে ফাঁসানোর বিষয়ে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন খাজা। আজ আদালতে তাঁর এ স্বীকারোক্তির পর তাঁকে জেলে পাঠাতে পারেন আদালত। আরসালানের বিরুদ্ধে চারটি অভিযোগ তোলা হয়েছে। ২০১৭ ও ২০১৮ সালে ভিন্ন দুই ব্যক্তিকে সন্ত্রাসী হামলায় আসামি হিসেবে ফাঁসানোর চেষ্টা করেছিলেন আরসালান। তবে সংবাদমাধ্যম জানিয়েছে, এ মাসেই ভাগ্য নির্ধারণ করা হচ্ছে না আরসালানের।

আরসালানের ধারণা ছিল, মামলায় ব্যস্ত থাকলে আর শাকিলাকে নিয়ে ভাবার সময় পাবেন না নিজাম।

৪০ বছর বয়সীর আইনজীবীরা দাবি করেছেন, ঘটনার সময় মানসিকভাবে অসুস্থ ছিলেন তাঁদের মক্কেল। কিন্তু  আদালতে ভুক্তভোগীদের করুণ পরিস্থিতির কথা শোনার পর আরসালানের কড়া শাস্তির কথাই ভাবা হচ্ছে।

আরসালানের কারণে একটা দীর্ঘস্থায়ী ক্ষত রয়ে গেছে নিজামের জীবনে।
ছবি: ফেসবুক

২০১৮ সালে মোহাম্মদ কালের নিজামউদ্দিনকে একটা সন্ত্রাসী হামলার তদন্তে গ্রেপ্তার করা হয়। নিজামউদ্দিন জানিয়েছেন, খাজার ‘জঘন্য ও ষড়যন্ত্র আজীবন প্রভাব’ রাখবে তাঁর জীবনে। কারণ, সন্ত্রাসী হামলায় জড়িত থাকার সন্দেহে তাঁকে ২৮ দিন সর্বোচ্চ নিরাপত্তার একটি কনডেম সেলে রাখা হয়েছিল। তাঁর নামের পাশে লেখা হয়েছিল জঙ্গি শব্দটি। আইনজীবী ও অন্যান্য খরচ মিলিয়ে ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলার খরচ হয়েছিল তাঁর সে সময়।

শ্রীলঙ্কান নিজামের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁর একটি নোটপ্যাডে জিহাদ, সন্ত্রাসী হামলা ও আইএসের হয়ে লোক সংগ্রহ ও শ্রীলঙ্কায় গিয়ে অস্ত্র চালনার প্রশিক্ষণের কথা লেখা ছিল। কিন্তু পরে প্রমাণ পাওয়া যায়, নোটপ্যাডের লেখাগুলো নিজামের হাতের লেখা নয়। বরং তাঁর নিউ সাউথ ওয়েলশ বিশ্ববিদ্যালয় সহকর্মী আরসালান খাজা সে নোটপ্যাড চুরি করে ফাঁসানোর চেষ্টা করেছিলেন তাঁকে।

খাজার এ আচরণের কারণ? কারণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই তখন তাদের সহকর্মী ছিলেন শাকিলা শহীদ নামের এক নারী। শাকিলার মন পেতে নিজামউদ্দিন বাধা হয়ে উঠতে পারেন, এটা ভেবেই তাঁকে সন্ত্রাসী হামলায় ফাঁসিয়েছিলেন আরসালান। তাঁর ধারণা ছিল, এই মামলায় ব্যস্ত থাকলে আর শাকিলাকে নিয়ে ভাবার সময় পাবেন না নিজাম। মজার ব্যাপার, সে সময় নিজাম আরেক নারীর (বর্তমানে বাগ্‌দত্তা) সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন।

নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় ১০ বছরের মতো জেল হতে পারে আরসালানের। তবে এটাই তাঁর একমাত্র অপরাধ নয়। ২০১৭ সালের জানুয়ারিতে এক ব্যক্তির ব্যাপারে মিথ্যা অভিযোগ করেছিলেন আরসালান। আদালতে ‘এম ওয়ান’ নামে পরিচয় দেওয়া সে ব্যক্তি তখন আরেক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন। আদালতে সে নারীকেও পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ‘এফ ওয়ান’ নামে। জানা গেছে, অতীতে ‘এফ ওয়ানে’র সঙ্গে সম্পর্ক ছিল আরসালানের। সাবেক প্রেমিকার বর্তমান প্রেমিককে ফাঁসাতে আরসালান দেশের সীমান্ত রক্ষা সংস্থাকে ফোন করে জানান, ‘এম ওয়ান’ গোঁড়া ধার্মিক এবং পাকিস্তানে ২০১৭ সালে একটা ট্রেনিং ক্যাম্প করে এসেছে। এর আগেও ‘এম ওয়ানে’র নামে অভিযোগ করেছিলেন আরসালান খাজা। ‘এম ওয়ানে’র নামে তিনবার অভিযোগ করেছিলেন।

আরসালানের কারণে অযথা ঝামেলা পোহাতে হয়েছে শাকিলাকে।
ছবি: সংগৃহীত

ফলে চারটি ভিন্ন ভুয়া অভিযোগের জন্য শাস্তি পেতে যাচ্ছেন আরসালান। আদালতে তাঁর আইনজীবী ফিলিপ বোল্টেন তাঁর মক্কেলকে মানসিকভাবে অসুস্থ দাবি করেছেন। বলেছেন, মানসিকভাবে অসুস্থ না হলে এমন ভয়ংকর কাজ কখনো করতেন না আরসালান খাজা। তবে আদালত এই দাবি মানেন কি না সেটা জানা যাবে আগামী ৫ নভেম্বর। বিচারক রবার্ট ওয়েবের সেদিনই এ মামলার রায় দেবেন।