প্রেরণা খুঁজে ফিরছেন মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসবাহ-উল-হক খেপেছেন সাবেক ক্রিকেটারদের ওপর  ছবি: এএফপি
মিসবাহ-উল-হক খেপেছেন সাবেক ক্রিকেটারদের ওপর ছবি: এএফপি

শুরুটা হয়েছে হার দিয়ে। তা-ও আবার ভারতের বিপক্ষে। পাকিস্তান দল ঘুরে দাঁড়াতে পারেনি পরের ম্যাচেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও এসেছে বাজে হার। এত বাজে শুরুর পর ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানি সমর্থকেরা। পাকিস্তানের অনেক জায়গায় আগুন দেওয়া হয়েছে আফ্রিদি-মিসবাহদের পোস্টারে। মুলতান শহরে তো আয়োজন করা হয়েছিল পাকিস্তান দলের প্রতীকী শেষকৃত্যানুষ্ঠানের। সমর্থকদের পাশাপাশি সমালোচনার একের পর এক তিরে পাকিস্তান দলকে বিঁধে চলেছেন সাবেক ক্রিকেটাররাও। সমর্থকদের সমালোচনা হজম করতে পারলেও সাবেক ক্রিকেটারদের এই তীব্র সমালোচনা ভালোভাবে নিতে পারছেন না অধিনায়ক মিসবাহ-উল-হক।
শোয়েব আখতার, রমিজ রাজা, জাভেদ মিয়াঁদাদের মতো সাবেক ক্রিকেটাররা প্রশ্ন তুলেছেন পাকিস্তান দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে। সমালোচনার বিষয় থেকে বাদ যায়নি মিসবাহর অধিনায়কত্বও। তবে বিশ্বকাপ চলাকালীন পূর্বসূরিদের এমন আক্রমণে বেশ বিস্মিত ও ক্ষুব্ধ মিসবাহ। সাবেক ক্রিকেটারদের পাল্টা সমালোচনা ঝরেছে তাঁর কণ্ঠে, ‘আমরা সবাই সব সময় দাবি করি যে সব সময় দলের সঙ্গেই আছি। কিন্তু বুঝতে পারছি, আমরা সবাই মিথ্যে বলি। আমরা অপেক্ষা করি কখন দল খারাপ খেলবে আর আমরা ঝাঁপিয়ে পড়ব সমালোচনায়। দলের কঠিন সময়ে কাউকে পাশে পাই না আমরা। ’
দলের বাজে ফর্মের কথা অবশ্য অকপটে মেনে নিচ্ছেন মিসবাহ। তবে তিনি মনে করেন এমন সময়ে সিনিয়র খেলোয়াড়দের উচিত খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে সহায়ক এমন ধরনের কথা বলা, ‘দল একটি ভয়াবহ বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। মাঠে মনঃসংযোগ ধরে রাখতে খেলোয়াড়েরা কাজ করছে। অনুশীলনে আমরা কঠোর পরিশ্রম করছি। একই সঙ্গে মানসিকভাবেও আমরা লড়াই করে যাচ্ছি। এ সময় আমরা সবাইকেই দলের সমর্থক হিসেবে চাই। সমালোচনা হতেই পারে কিন্তু সেটা যেন দলের মানসিকতাকে নিচে নামিয়ে না দেয়। ’
সাবেক খেলোয়াড়দের কাছ থেকে ন্যূনতম মানসিক সমর্থনটাই আশা করছেন তিনি। প্রেরণা খুঁজছেন ৯২ -এর বিশ্বকাপ থেকেও। তিনি বলেন, ‘১৯৯২ বিশ্বকাপের সবচেয়ে বড় শিক্ষাটি হলো হাল ছেড়ে না দেওয়া। সেবারও আমাদের শুরুটা ছিল খুবই খারাপ। কিন্তু খেলোয়াড়েরা হাল ছাড়েনি। ফল হিসেবে ট্রফি নিয়েই ঘরে ফিরেছে তারা। হাল ছাড়তে চাই না আমরা। ’
মিসবাহ নিশ্চয়ই জানেন, সব সমালোচনার জবাব দেওয়ার জন্য তাঁদের একমাত্র মোক্ষম অস্ত্র মাঠের খেলা। জিম্বাবুয়ের বিপক্ষে কালকের ম্যাচটি তাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে টিকে থাকতে হলে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাঁদের সামনে। সূত্র: ক্রিকইনফো।