প্রোটিয়া কান্নায় কিউই উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল স্টেইনকে লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে কিউইদের বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন পূরণ করলেন গ্রান্ট এলিয়ট। এমন মাহেন্দ্রক্ষণে প্রথম অভিনন্দন পেলেন সতীর্থ ড্যানিয়েল ভে​েট্টারির কাছ থেকে। স্বপ্নভঙ্গের হতাশায় স্টেইন তখন প্রায় বিধ্বস্ত। কাল অকল্যান্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে l ছবি: এএফপি
ডেল স্টেইনকে লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে কিউইদের বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন পূরণ করলেন গ্রান্ট এলিয়ট। এমন মাহেন্দ্রক্ষণে প্রথম অভিনন্দন পেলেন সতীর্থ ড্যানিয়েল ভে​েট্টারির কাছ থেকে। স্বপ্নভঙ্গের হতাশায় স্টেইন তখন প্রায় বিধ্বস্ত। কাল অকল্যান্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে l ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকা: ৪৩ ওভারে ২৮১/৫
নিউজিল্যান্ড: ৪২.৫ ওভারে ২৯৯/৬ (লক্ষ্য ৪৩ ওভারে ২৯৮)
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে
জয়ী (ডি/এল)
হার্শেল গিবস কি ফিরে এলেন এবি ডি ভিলিয়ার্সের রূপ ধরে? নাকি ফিরলেন ডি কক কিংবা বেহারডিয়েন হয়ে!
যে রানআউটের সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন ডি ভিলিয়ার্স, ১০০ বারের মধ্যে ৯৯ বার চোখ বন্ধ করেই হয়তো করে ফেলবেন। ডি কক গ্লাভসে জমাতে পারলেন না বল, বেহারডিয়েন ছাড়লেন ক্যাচ। ১৯৯৯ বিশ্বকাপের সুপার সিক্সে যেভাবে স্টিভ ওয়াহর সহজ ক্যাচ ছেড়েছিলেন গিবস। ম্যাচ জেতানো সেঞ্চুরি করা ওয়াহর না-বলা এক কথা পরে অমর হয়ে গেল, ‘বাছা, বিশ্বকাপটাই তো হাত থেকে ফেলে দিলে!’ ডি ভিলিয়ার্স, ডি ককরাও কাল হয়তো পুড়ছেন একই হতাশায়। ওই তিনবারের একবার বল হাতে জমলেও ম্যাচের ফল হতে পারত অন্য রকম!
শেষ দিকের রোমাঞ্চ-উত্তেজনায় অবশ্য টুকরো টুকরো ওই ছবিগুলো অনেকটাই ফিকে। অকল্যান্ডের রাতে স্টেডিয়ামের চোখধাঁধানো কৃত্রিম আলো ছাপিয়েও উজ্জ্বল একটি ছবি। ইডেন পার্ক তখন রোমান কলোসিয়াম। ৪০ হাজার দর্শকের গর্জনে প্রকম্পিত চারপাশ। কলোসিয়ামের ঠিক মাঝখানে, দু হাত উঁচিয়ে যুদ্ধজয়ী গ্লাডিয়েটরের উচ্ছ্বাস! তাঁর যুদ্ধ জয়ের আনন্দ চিৎকার যেন ছাপিয়ে গেল গ্যালারি গর্জনকেও। গ্রান্ট এলিয়ট, নিউজিল্যান্ডের দক্ষিণ আফ্রিকান বীর!

জোহানেসবার্গে এক প্লাস্টিক সার্জনের ঘরে জন্ম, বেড়ে ওঠা। খেলেছেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলেও। দেশের ক্রিকেটের কোটা প্রথার ছোবল থেকে বাঁচতে ১৪ বছর আগে নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন নতুন এক স্বপ্ন নিয়ে। ৭ বছর আগে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা যদি হয় স্বপ্নপূরণের শুরু, কাল যেন স্বপ্নের চক্রপূরণ। জন্মভূমির স্বপ্ন ‘খুন’ তাঁর ব্যাটেই। তাঁকে আপন করে নিয়েছিল যে পরদেশ, সেই ভূমিকে উপহার দিলেন কাল কৃতজ্ঞতার অঞ্জলি। এলিয়টের হাত ধরেই স্বপ্নের ফাইনালে নিউজিল্যান্ড। সবচেয়ে বেশিবার সেমিফাইনাল খেলে একবারও ফাইনাল খেলতে না পারার আক্ষেপযাত্রার সমাপ্তি। কিউইদের অপেক্ষায় মেলবোর্নের মহামঞ্চ।
সেই সুযোগটাও কি সহজে এল? কত নাটক, কত চড়াই-উৎরাই আর ক্রিকেটীয় উত্তেজনার পারদ সর্বোচ্চ চূড়া ছুঁয়ে তবেই না মিলল ওই মঞ্চে পা রাখার স্বপ্নের টিকিট! পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ ক্রিকেট বিশ্বজুড়ে নিরপেক্ষ দর্শকেরও স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা নিল। শেষের নায়ক ওই এলিয়ট। ২ বলে যখন প্রয়োজন ৫ রান, ডেল স্টেইনের লেংথ বলটাকে উড়িয়ে দিলেন লং অন দিয়ে। আবেগ চেপে রাখা গ্যালারিতে যেন ঘটে গেল বিস্ফোরণ। রাগবির দেশে দেড় মাস ধরে চলতে থাকা ক্রিকেটের জোয়ার উত্তুঙ্গ আরও।
শেষের নায়ক গোটা ম্যাচের নায়কও। ৪৩ ওভারে ২৯৮ রানের লক্ষ্য। শুরুতে ব্রেন্ডন ম্যাককালামের টর্নেডো (২৬ বলে ৫৯) নিশ্চিত করে দিয়েছিল, আস্কিং রান রেট কখনো নাগালের বাইরে যাচ্ছে না। কিন্তু উইকেটও পড়ছিল যে নিয়মিত! প্রথম চার ব্যাটসম্যানকে দেড় শর আগে হারিয়ে টালমাটাল কিউই ইনিংস। সেখান থেকে কোরি অ্যান্ডারসনকে (৫৮) নিয়ে এলিয়টের ৯৮ বলে ১০৩ রানের জুটি। এই জুটি শেষ হতে পারত অনেক আগেই, যদি না ডি ভিলিয়ার্স অবিশ্বাস্যভাবে ওই রানআউটের সুযোগ নস্ট না করতেন! রান চুরির চেষ্টায় মাঝ উইকেটে দাঁড়িয়ে পড়া অ্যান্ডারসনকে ৩৩ রানেই ধরতে হতো ড্রেসিংরুমের পথ। শেষ ওভারের ঠিক আগের বলে এলিয়টের ক্যাচ ছাড়লেন বেহারডিয়েন। স্টেইনের করা শেষ ওভারে ড্যানিয়েল ভেট্টোরির বাউন্ডারি, দুটি বাই রান চুরি আর এলিয়টের ওই ছক্কায় ১২ রানের সমীকরণ মিলে গেল ১ বল আগেই।
দক্ষিণ আফ্রিকা ইনিংসে বৃষ্টি বাগড়া না দিলে যে সমীকরণ হতে পারত আরও কঠিন। ট্রেন্ট বোল্টের তোপে দুই ওপেনারকে দ্রুত হারালেও প্রোটিয়ারা সামলে নিয়েছিল ফাফ ডু প্লেসির (৮২) ব্যাটে। ডি ভিলিয়ার্স (৪৫ বলে ৬৫*) যথারীতি নেমেই তুলেছেন ঝড়। ৩৮ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ২১৬, শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য তাণ্ডব মাথায় রাখলে তিন শ ছাড়িয়েও রান যাওয়ার কথা বেশ দূর। কিন্তু দক্ষিণ আফ্রিকার নক আউট ম্যাচে বৃষ্টি বাগড়া দেবে না, তা কী করে হয়! বৃষ্টির পেটে দেড় ঘণ্টায় ম্যাচ নেমে এল ৪৩ ওভারে। ডেভিড মিলারের তাণ্ডবে (১৮ বলে ৪৯) ওই ৫ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলল ৬৫। ডাকওয়ার্থ-লুইসে কিউইদের লক্ষ্য ২৯৮। অনেক নাটকের পর শেষে এলিয়টের ছক্কা আর বিপরীতমুখী আবেগের জোয়ার। হাসি-কান্না, উচ্ছ্বাস-হতাশা, উদ্ভাসিত ড্রেসিং রুমের পাশেই হতাশার অন্ধকার!
চাইলে ডি ভিলিয়ার্স-ডি ককদের অমন রানআউট মিসকে ‘চোক’ করা বলতে পারেন। প্রচণ্ড চাপেই তো অমন অবিশ্বাস্য মিস! কিন্তু অন্তত কালকের দিনে, এই বিশ্বকাপের সবচেয়ে সেরা ম্যাচের পর ডি ভিলিয়ার্সদের সামনে ‘চোক’ শব্দটি উচ্চারণও অন্যায়। ওই মিসগুলোর পাশেই আছে মাঠে একেকটি রান বাঁচাতে জান বাজি রাখা অবিশ্বাস্য ফিল্ডিং। আপ্রাণ লড়েও না পারার হতাশা বেরিয়ে এল ডি ভিলিয়ার্স, মরকেলদের চোখের জল হয়ে।
শেষ ছক্কা হজম করে যখন ভূপাতিত স্টেইন, তাৎক্ষণিক উচ্ছ্বাস শেষে ছুটে গেলেন এলিয়ট। বাড়িয়ে দিলেন হাত, টেনে তুলে জড়ালেন বুকে। এই ছবিটাই কালকের প্রতীকী। প্রাণপণ লড়াই শেষেও ক্রিকেট মানে সৌহার্দ্য আর সমতা। ক্রিকেটের নিয়মে এক দল ফাইনালে উঠেছে বটে, কিন্তু কাল হারেনি কোনো দল!