ডারবানে প্রথম টেস্টটা ভেসে গেছে বৃষ্টিতে। সে দায় যতটা না বৃষ্টির তার চেয়ে বেশি বাজে আউটফিল্ডের। দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজটা কার্যত তাই হয়ে গেছে এক ম্যাচের। সেই একমাত্র টেস্টটি আজ শুরু হচ্ছে সেঞ্চুরিয়নে।
কিন্তু ম্যাচের আগে ক্রিকেটের চেয়ে মাঠ নিয়েই বেশি আলোচনা হচ্ছে। আলোচনার মুখ্য চরিত্র হয়ে উঠেছেন সেঞ্চুরিয়নের গ্রাউন্ডসম্যান রুডলফ ডু প্রিজ। দক্ষিণ আফ্রিকায় এই প্রথম আগস্ট মাসে হচ্ছে টেস্ট ক্রিকেট। দক্ষিণ গোলার্ধের দেশটির স্বাভাবিক ক্রিকেট মৌসুম শুরু হতে এখনো বাকি মাস দুয়েক। অবশ্য অকালে ক্রিকেট আয়োজনের সব প্রস্তুতিই সেরে রেখেছেন ডু প্রিজ। মাঠে শীতকালের ঘাস লাগিয়েছেন, কারণ গ্রীষ্মকালের ঘাসে নাকি সমস্যা হয় ফিল্ডারদের। গত বছরের আগস্টে এই দুই দলের ওয়ানডে সিরিজ থেকে শিক্ষা নিয়েই এই সিদ্ধান্ত। ঘাসের সমাধান তো হলো, কিন্তু আবহাওয়া? সেঞ্চুরিয়ন এই দিকটায় বেশ ভাগ্যবান। সাধারণ শীতকালে দক্ষিণ আফ্রিকার হাইভেল্ড অঞ্চলে বৃষ্টি হয় না বললেই চলে। তা ছাড়া আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাসও নেই।
সেঞ্চুরিয়নকে সবাই বলে দক্ষিণ আফ্রিকার দুর্গ। এখানে খেলা ২১ টেস্টের ১৬টিতেই জিতেছে প্রোটিয়ারা, হেরেছে মাত্র দুটিতে। দুই হারের একটি আবার ১৯৯৯-২০০০ মৌসুমে সেই বিখ্যাত ম্যাচটিতে। যেটিতে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দুই দলই ছেড়ে দিয়েছিল একটি করে ইনিংস।
সেঞ্চুরিয়নে নিজেদের রেকর্ড অনুপ্রেরণা হতে পারে প্রোটিয়াদের জন্য। এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া ফ্যাফ ডু প্লেসি রেকর্ডকেই মানছেন অনুপ্রেরণা, ‘সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে আমাদের অসাধারণ রেকর্ড। এই মাঠে আমরা ভালো খেলি, এই আত্মবিশ্বাস নিয়েই আমরা খেলতে নামব।’
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এসব রেকর্ড-টেকর্ড নিয়ে ভাবছেন না। এই ম্যাচ জিততে পারলেই দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সিরিজ জিতবে নিউজিল্যান্ড, এমন ভাবনাও মাথায় রাখতে চান না কিউই অধিনায়ক, ‘এ নিয়ে খুব বেশি ভাবিনি। নিজেদের ক্রিকেটটা খেলা, উন্নতি করা ও শেখা—ভাবনা এসব নিয়েই।’ তথ্যসূত্র: এএফপি, ক্রিকইনফো।