প্রোটিয়া মেয়েরা আসছে জানুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা নিয়ে সংশয় থাকায় গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর স্থগিত করার সঙ্গে সঙ্গে পিছু হটে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলও। পরের মাসেই অবশ্য তারা সিদ্ধান্ত বদলায়। কিন্তু গত বছরের নভেম্বরে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা আসেনি। স্থগিত হওয়া সিরিজটা অবশেষে আলোর মুখ দেখছে। প্রোটিয়া মেয়েরা বাংলাদেশে আসছে আগামী জানুয়ারিতে।
আগের সূচিতে বাংলাদেশের সঙ্গে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। তবে এবার সেখানে পরিবর্তন এসেছে। টি-টোয়েন্টি নয়, মেয়েরা খেলবে শুধু পাঁচটি ওয়ানডে। বাংলাদেশ মহিলা ক্রিকেটের চেয়ারম্যান আবদুল আওয়াল কাল সূচির পরিবর্তন নিয়ে বললেন, ‘ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাই খেলতে হবে। তার আগে মেয়েদের ভালো একটা অনুশীলন হয়ে যাবে।’
দক্ষিণ আফ্রিকা ঢাকায় পৌঁছাবে ৯ জানুয়ারি। প্রোটিয়াদের সঙ্গে সিরিজ ও বিশ্বকাপ বাছাইয়ের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে রুমানা-সালমারা যাবেন ভারতে।