প্রোটিয়া লিগে ম্যাচ পাতানোর ছায়া

‘ও এভাবে আউট হয়ে গেল কেন?’ ‘ও এত ধীরে ব্যাটিং করল কেন?’ 'এভাবে কেউ নো বল করে? নিশ্চয়ই এর মধ্যে কোনো কিন্তু আছে— গত কয়েক বছর ধরে ক্রিকেটে ম্যাচ পাতানোর আশঙ্কা বেড়ে যাওয়ার প্রমাণ এই প্রশ্নগুলো। হয়তো শুদ্ধ ক্রিকেটীয় কারণেই কোনো ঘটনা ঘটেছে, কোনো ‘কিন্তু’ নেই, তারপরও দর্শকের মনে একটা সন্দেহের খচখচানি থেকেই যাচ্ছে। আন্তর্জাতিক ম্যাচের চেয়েও এই শঙ্কাটা বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগগুলোকে ঘিরে বেশি থাকে।
শঙ্কাটা আরও ঘনীভূত হওয়ার উপক্রম হয়েছে। এবার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ম্যাচ পাতানোর অভিযোগ পাওয়া গেছে। মাত্রই শেষ হওয়া র্যাম-স্ল্যাম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ সিরিজে ম্যাচ পাতানোর অভিযোগে ‘নাম না-জানা’ একজন ‘মধ্যস্থতাকারী’কে অভিযুক্ত করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ( সিএসএ)।
র্যাম-স্ল্যাম সিরিজের কোনো ম্যাচ আদৌ পাতানো ছিল কিনা, কিংবা নির্দিষ্ট করে কোন ম্যাচকে ঘিরে তদন্ত চলছে—এ ব্যাপারে কিছুই জানায়নি সিএসএ। তদন্ত শেষ হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে অপারগতাও প্রকাশ করেছে সংস্থাটি। আপাতত ওই ‘মধ্যস্থতাকারী’কে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড ও আইসিসি আয়োজিত যেকোনো ধরনের প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল এক বিবৃতিতে সিএসএ লিখেছে, ‘সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীর বিরুদ্ধে ম্যাচ পাতানোর পরিকল্পনা, অবৈধভাবে ২০১৫ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ সিরিজে প্রভাব ফেলার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।’ এ ছাড়া সিএসএর দুর্নীতি দমন কর্মকর্তারাও ওই মধ্যস্থতাকারীর বিরুদ্ধে ‘তদন্তে অসহযোগিতা’র অভিযোগ এনেছে।
গত শনিবার ডারবানে টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির ফাইনালে কেভিন পিটারসেনের ডলফিনসকে হারিয়ে শিরোপা জিতেছে প্রিটোরিয়া-ভিত্তিক দল টাইটানস। তথ্যসূত্র: বিবিসি।