প্রোটিয়াদের কঠিন বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একপেশে বানিয়ে প্রস্তুতি ম্যাচটি জিতে গেল দক্ষিণ আফ্রিকা। জেপি ডুমিনিকে অভিনন্দন বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েসের l প্রথম আলো
একপেশে বানিয়ে প্রস্তুতি ম্যাচটি জিতে গেল দক্ষিণ আফ্রিকা। জেপি ডুমিনিকে অভিনন্দন বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েসের l প্রথম আলো

স্টেডিয়ামে ঢুকতেই পাওয়া গেল উত্তাপ। বিনা টিকিটের সুযোগ নিয়ে সার বেঁধে লোকজন মাঠে ঢুকছে। বেশ উৎসব উৎসব পরিবেশ। এর মধ্যে খবর মিলল, গ্যালারি টপকাতে গিয়ে ফেন্সিংয়ে আটকে তিন দর্শক গুরতর আহত। যে ম্যাচ নিয়ে ফতুল্লায় জনতার এত আগ্রহ, সেটি কিনা মাঝপথেই প্রায় শেষ!
করতালি দেওয়ারও খুব একটা সুযোগ মেলেনি কারও। আনন্দ-উৎসব তো অনেক দূরে! বিসিবি একাদশের ব্যাটসম্যানদের উইকেটে যাওয়া-আসা দেখে দ্রুতই সবাই চুপসে গেছে। কষ্ট করে খুব বেশি সময় গ্যালারিতে বসেও থাকতে হয়নি। ২ ঘণ্টা ৪১ মিনিটেই দাঁড়ি পড়ল এই টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যােচ।
দক্ষিণ আফ্রিকা বলতে পারে, অনুশীলন আর হলো কই! পুরোপুরিই একতরফা ম্যাচ। তবে ৮ উইকেটে জিতে একটা বার্তাই যেন বাংলাদেশ দলকে দিয়েছে সফরকারীরা, ‘ভাইয়েরা তোমরা পাকিস্তানকে বাংলাওয়াশ করেছ ঠিক আছে। ভারতকে নাকানি-চুবানি খাইয়ে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করেছ। কিন্তু আমরা আটঘাট বেঁধে প্রস্তুত হয়েই এসেছি।’
আক্ষরিক অর্থেই তাই। বিশ্বকাপের পর নিজেদের প্রথম কোনো ম্যাচে প্রোটিয়ারা বেশ চনমনে। টস হেরে বোলিংয়ে নেমে বিসিবি একাদশকে অলআউট করে দিল ১৮ ওভারে, রান মাত্র ৯৯। এই রান চামচে তুলে ১২ ওভারেই গিলে ফেললেন ডি ভিলিয়ার্সরা।
বোলিং, ফিল্ডিং, ব্যাটিং সব বিভাগে সুস্পষ্ট শক্তির ছাপ দক্ষিণ আফ্রিকার। ব্যাটিং অনুশীলন সেভাবে না হলেও বোলিংয়ে হাত ঘুরিয়েছেন ৯ জন! পেস বোলিংটা হলো দুর্দান্ত। গতির সঙ্গে নিখুঁত নিশানা। পাঁচটিই বোল্ড। সবকটিতেই স্টাম্প গড়াগড়ি খেল মাটিতে। বল চোখেই দেখলেন না ঘরের ছেলেরা।
পিচে ঘাস নেই, তবু কাইল অ্যাবট আর কাগিসো রাবাদা বুঝিয়ে দিলেন পেস বোলিংয়ের ঝাঁজ। শুরুতেই অ্যাবটের স্পেলটা এ রকম, ২-০-৩-২। তাঁর তোপের মুখে বিসিবি একাদশের দুই ওপেনারের খাবি খাওয়া অবস্থা। রনির মিডল স্টাম্প নেই, এনামুলের অফ স্টাম্প। দু্ই স্লিপ নিয়ে ততক্ষণে প্রোটিয়া পেস আক্রমণ জেঁকে বসেছে। প্রথম ছয় ওভারে দুই উইকেটে ২৪ রান। অ্যাবটকে পরে আর বলই দেননি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি।
টেস্ট বিশেষজ্ঞ হিসেবেই যাঁর পরিচিতি, সেই বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েসই চেষ্টা করছিলেন। ইনিংসে ৬টি চারের ৩টিই তাঁর। ছোট ক্রিকেটের এই মঞ্চে ইমরুলের ২৪ বলে ২৯ রানের ইনিংসটা শেষ লং অনে দুর্দান্ত এক ক্যাচে। প্রায় দড়ির ওপর দাঁড়িয়ে কাচটা নেন মিলার, শরীরের ভারসাম্য রাখতে ছুড়ে দেন হেনড্রিকসের হাতে। দৃশ্যটা চোখে লেগে থাকবে অনেক দিন।
আরেকটি দৃশ্যও জানান দিচ্ছে দক্ষিণ আফ্রিকা আসলে কতটা তৈরি হয়ে এসেছে। দুই ওপেনার কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স জুটি ৭ ওভারে দলকে ৬৪ রানে রেখে হঠাৎ ‘অবসর’ নিলেন। মিলার ও ডু প্লেসি যাতে একটু ব্যাটিং অনুশীলন করতে পারেন!
ব্যাটিং অনুশীলন ঠিকঠাক না হওয়ায় একটু অতৃপ্তই দক্ষিণ আফ্রিকা। ২ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসো বললেন, ‘এখানে কন্ডিশনটা জয় করার চ্যালেঞ্জ ছিল আমাদের সামনে। সেটি আমরা পেরিয়েছি। যদিও উইকেট থেকে যতটা টার্ন আশা করেছিলাম, ততটা পাইনি। ব্যাটিং অনুশীলন না হলেও যেভাবে চেয়েছিলাম সেভাবে খেলতে পেরে আমরা খুশি।’
কিন্তু দশ মাস পর ফেরা সোহাগ গাজী আর আবদুর রাজ্জাক কী তৃপ্ত? সোহাগ গাজী ২ ওভারে দিলেন ১৮ রান। রাজ্জাক ৪ ওভারে ৩০। কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। তবে বিসিবি একাদশের ইনিংসের ছক্কা দুটি মেরেছেন এই দুজনই।
দক্ষিণ আফ্রিকার রণহুংকারের মধ্যে এটা কী আর তাঁদের মনে থাকবে!
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি একাদশ: ১৮ ওভারে ৯৯ (এনামুল ৩, রনি ১, ইমরুল ২৯, সৈকত ৫, শুভাগত ১৮, মোসাদ্দেক ০, মাহমুদুল ৫, সোহাগ ১৩, হাসান ৫, রাজ্জাক ৮, কামরুল ১*; ভিসে ৩/১৩, অ্যাবট ২/২, ফাঙ্গিসো ২/১৯, রাবাদা ১/১০, লেই ১/১১, ডুমিনি ১/১৬)।
দক্ষিণ আফ্রিকা: ১২ ওভারে ১০১/২ (ডি কক ৩৫, ডি ভিলিয়ার্স ২৫, ডুমিনি ১৭*, মিলার ২০*; আল আমিন ০/১২, হাসান ০/১২, রাজ্জাক ০/৩০, কামরুল ০/১০, সোহাগ ০/১৮, শুভাগত ০/১৮)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী।