জয় দেখছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌম্যর অসাধারণ ফিফটিতে জয়ের দিকে এগোচ্ছে বাংলাদেশ। ছবি: শামসুল হক
সৌম্যর অসাধারণ ফিফটিতে জয়ের দিকে এগোচ্ছে বাংলাদেশ। ছবি: শামসুল হক

গত দশ বছরে এর আগে তাদের স্কোরবোর্ডের এমন ছন্নছাড়া দশা হয়েছিল ১৩ বার। ১০০ কিংবা এর নিচে প্রথম ৬ উইকেট হারিয়ে ফেলার সেই তালিকায় একবার দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল বাংলাদেশও। বলুন তো কোন ম্যাচে? বাংলাদেশের সমর্থকদের জন্য সহজতম এক কুইজ। ২০০৭ বিশ্বকাপে গায়ানার সেই বিখ্যাত ম্যাচে। সেবার ৮৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছিল ১৮৪ রানে। আজ গুটিয়ে গেল ১৬২-তেই। প্রথমে ব্যাট করে এর আগে এর চেয়ে কম রানে মাত্র ১১ বার অলআউট হয়েছিল তারা।
জবাবে ২৩ ওভারে ২ উইকেটে ১৩৪ তুলেছে বাংলাদেশ। ‘রাবাদা আহামরি নয়’ সেটি জোর করে প্রমাণ করতে গিয়ে তাঁর শিকার হয়ে ফিরেছেন তামিম আর লিটন। ২৪ রানে নেই দুই উইকেট! তবে এবার বিপদ ঘটতে দেননি সৌম্য আর মাহমুদউল্লাহ। দুজনের ১১০ রানের অবিচ্ছিন্ন জুটি জয়ের বন্দরে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। সৌম্য ৬৬ রানে আর মাহমুদউল্লাহ ৩৯ রানে ব্যাট করছেন। ২৭ ওভারে মাত্র ২৯ রান চাই বাংলাদেশের।
যেকোনো ধরনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র একটিই জয়। সেই ২০০৭ বিশ্বকাপে। সংখ্যাটিকে বাড়ানোর সুবর্ণ সুযোগের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বোলারদের লড়াইটাকে সার্থক করতে চলেছেন এই দুই ব্যাটসম্যান।
বোলারদের লড়াইটা সম্মিলিত, কাঁধে কাঁধ মিলিয়ে। ছয় বোলার ব্যবহার করেছে বাংলাদেশ। সবারই ইকোনমি চারের নিচে। তিনটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ আর ইদানীং ‘স্পেশালিস্ট বোলার’ হয়ে ওঠা নাসির।
সম্মিলিত এই আক্রমণে নেতৃত্ব দিয়েছেন তরুণ মুস্তাফিজই। ডি কককে দিয়ে শুরু। এর পর ফিরিয়েছেন ডুমিনি আবার রাবাদাকে। তৃতীয় শিকারটিকে ফেরানোর পর বাড়তি উল্লাসে মেতে উঠতেই পারতেন। ওঠেননি।
আক্রমণে এসেই উইকেট নেবেন-নাসির যেন ইদানীং এই পণ করেছেন। আজ উইকেট পেলেন প্রথম বল করেই। ২৪ বলে মাত্র ৪ রান করে হাঁসফাঁস করতে থাকা রাইলি রুশোকে ‘মুক্তি’ দিয়েছেন খানিকটা বাড়তি পেসের স্টেট ডেলিভারিতে। প্রোটিয়া ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র প্রতিরোধ গড়া ডু প্লেসিকেও (৪১) ক্যাচ বানিয়েছেন সৌম্যর। পরে ফিরিয়েছেন কাইল অ্যাবটকে। মুস্তাফিজের রাবাদা আর নাসিরের অ্যাবট হয়তো শিকার হিসেবে বড় কোনো নাম নয়। কিন্তু অষ্টম আর নবম উইকেট জুটিতে ইনিংসের যৌথ দ্বিতীয় সর্বোচ্চ ২২ রানের জুটি গড়ে এই দুজন ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। ফলে উইকেট দুটির দাম বেশি বই কম নয়।
দুটো উইকেট রুবেলের। আক্রমণে এসে নিজের দ্বিতীয় ওভারে স্বপ্নের মতো এক ডেলিভারিতে হাওয়ায় ভাসিয়েছেন আমলার স্টাম্প। এর পর এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন ক্রিস মরিসকেও। টানা তিন ম্যাচে তাঁকে বসিয়ে রাখার পাল্টা জবাবও দিলেন যেন একেকটা উইকেট পেয়ে রণহুংকার ছেড়ে।
বাকি উইকেট দুটো মাহমুদউল্লাহ আর মাশরাফির। মাহমুদউল্লার উইকেটটি ‘কিলার মিলার’কে ‘কিল’ করে। এ কারণে তাঁকেও দিতে হবে বাহবা। প্রথমে ৪ ওভার বোলিং করে নিজেকে আক্রমণ থেকে সরিয়ে নিয়েছেন। মাঝে একবার মাঠ থেকে উঠে সাজঘরেও গেলেন। তবে কি আবারও শরীরটা ভোগাচ্ছে মাশরাফিকে? ৪৬তম ওভারে আক্রমণে এসেই দক্ষিণ আফ্রিকার নটে গাছটি মুড়িয়ে দিয়ে মাশরাফি অভয়বার্তা দিলেন, ‘ঠিক আছে বন্ধু।’
শুরু থেকেই বাংলাদেশি বোলাররা আজ শুরু থেকেই ছিলেন দারুণ নিয়ন্ত্রিত। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান মাত্র ৩৮। একবারও রাশটা আলগা হতে দেয়নি বাংলাদেশ। মাত্র ১৪টি বাউন্ডারি। ৪৪তম ওভারে গিয়ে প্রথম ও একমাত্র ছক্কা। খুঁড়িয়ে খুঁড়িয়ে ৪৬ ওভার পর্যন্ত তারা গেছে বটে, কিন্তু ওভার পিছু রান রেট মাত্র ৩.৫২! এই প্রথম বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে অলআউট হলো প্রোটিয়ারা।
ভালো কথা, এর আগে যে ১১ বার এত কমে তারা গুটিয়ে গিয়েছিল, এর দুবারই মাত্র ম্যাচ বাঁচাতে পেরেছে। বিরাট কোনো অঘটন না ঘটলে আজও পারবে না—তা এখন লিখেই দেওয়া যায়।