প্রোটিয়াদের জন্য প্রস্তুতি আজ থেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে মাশরাফিদের নেমে পড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতিতে। চার দিনের বিশ্রাম শেষে আজ দুপুর থেকে আবার শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি। ২টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট খেলতে আগামীকালই বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দল ঠিক কবে ঘোষণা করা হবে তা এখনো জানা যায়নি। আপাতত ভারত সিরিজের প্রাথমিক দলে থাকা সবাই যোগ দেবেন প্রস্তুতিতে। তবে চোটের কারণে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে না-পারা তাসকিন আহমেদ বিশ্রামে রয়েছেন বলে যোগ দিচ্ছেন না অনুশীলনে। টিম ম্যানেজমেন্ট আশা করছে, খুব বেশি হলেও সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে হয়তো পাওয়া যাবে না, কিন্তু ওয়ানডে সিরিজেই পাওয়া যাবে তাসকিনকে।
প্রথমে বলা হয়েছিল, আজ নিজেদের মধ্যে একটা টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি। পরে পরিকল্পনা বদলে সেই ম্যাচটি রাখা হয়েছে আগামীকাল। আজ প্রথম দিনটি তাই জিম আর ফিটনেস ট্রেনিং করেই কাটাবেন ক্রিকেটাররা।
৫ ও ৭ জুলাই সিরিজের দুটি টি-টোয়েন্টি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। একই মাঠে ১০ ও ১২ জুলাই প্রথম দুটি ওয়ানডে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ জুলাই হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ওই ভেন্যুতেই প্রথম টেস্ট শুরু ২১ জুলাই। মিরপুরে ৩০ জুলাই শুরু হবে দ্বিতীয় টেস্ট।