প্রোটিয়াদের জন্য রুমানাদের প্রস্তুতি
রুমানা-সালমারা পারবেন আগামী বছর জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলতে? প্রশ্নটার উত্তর দেবে ফেব্রুয়ারিতে বিশ্বকাপের বাছাইপর্ব। কাল বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে আইসিসি।
শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বাছাইয়ে ‘বি’ গ্রুপে বাংলাদেশের মেয়েদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। গ্রুপের শীর্ষ তিন দল খেলবে সুপার সিক্সে। এই পর্বের শীর্ষ দুটি দল খেলবে ২১ ফেব্রুয়ারির ফাইনালে। তবে সুপার সিক্সের শীর্ষ চারটি দল সুযোগ পাবে আগামী বিশ্বকাপে। এরই মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে স্বাগতিক ইংল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।
বাছাইপর্ব শুরুর আগে ৫ ফেব্রুয়ারি রুমানারা আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। ৭ ফেব্রুয়ারি পিএনজির বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ। পরের ম্যাচ ৮ ফেব্রুয়ারি, পাকিস্তানের সঙ্গে। ১০ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১১ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
বাছাইয়ের আগে জানুয়ারিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবেন বাংলাদেশের মেয়েরা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে প্রোটিয়া মেয়েদের ঢাকায় আসার কথা ৬ জানুয়ারি। দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে এরই মধ্যে রুমানারা অনুশীলন শুরু করেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আপাতত ফিটনেস নিয়েই কাজ চলছে। কোচ ডেভিড ক্যাপেল এই মুহূর্তে বাংলাদেশে নেই, পরিবারের সঙ্গে বড়দিনের ছুটি কাটাতে গেছেন ইংল্যান্ডে। দলের সঙ্গে তাঁর যোগ দেওয়ার কথা ২ জানুয়ারি। ক্যাপেল ফিরলেই মেয়েরা চলে যাবেন কক্সবাজারে। সেখানেই শুরু হবে রুমানা-সালমাদের প্রস্তুতির মূল পর্ব।